প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪ ১৬:২৬ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৪ ১৭:২৫ পিএম
ছবি সফল হোক বা না হোক বলিউড তারকা অক্ষয় কুমারের ক্যারিয়ার থেমে থাকেনি কখনও। বলিউডের অন্য তারকাদের তুলনায় তার মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা অনেকটাই বেশি। এ নিয়েও তাকে বেশ কথা শুনতে হয়। অনেকেই তাকে বাছ বিচার না করে সব সিনেমাতে রাজি হয়ে যাওয়ার জন্য দায় দিয়ে থাকেন।
মঙ্গলবার মুম্বাইয়ে অক্ষয়ের নতুন ছবি ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা। অক্ষয় ছাড়াও ছবির অন্যান্য অভিনেতার মধ্যে উপস্থিত ছিলেন টাইগার শ্রফ, মানুষী চিল্লার, পৃথ্বীরাজ সুকুমারন প্রমুখ।
সাম্প্রতিক অতীতে অক্ষয় অভিনীত ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ও ‘মিশন রানিগঞ্জ’-এর মতো ছবিগুলি বক্স অফিসে অসফল হয়েছে। একমাত্র ‘ওএমজি ২’ ছবিটি ভালো ব্যবসা করেছিল। ছবির ব্যর্থতা হতাশ করে কি না জানতে চাইলে অক্ষয় বলেন, ‘আমি যেসব ছবি করেছি, সেখানে কখনও সফল হয়েছি, কখনও হইনি। আমি আগেও ব্যর্থতার সাক্ষী থেকেছি। ক্যারিয়ারের একটা সময় আমার একটানা ১৬টি ছবি ফ্লপ করে।
কিন্তু আমি তারপরও কাজ করেই গেছি। ক্ষয় হয়ে যাইনি হতাশার কাছে। আগামী দিনেও সেটাই করব। এই ছবিতে (‘বড়ে মিঞা ছোটে মিঞা’) আমরা প্রত্যেকেই প্রচণ্ড পরিশ্রম করেছি। আশা করছি, এই ছবিটা আমাদের প্রত্যেকের জন্যই সৌভাগ্য এনে দেবে।’
সাফল্যের সন্ধানে কীভাবে ছবি নির্বাচন করেন, সে প্রসঙ্গেও আলোকপাত করেছেন অক্ষয়। অভিনেতা বলেন, ‘আমি সব সময়েই ভিন্ন ঘরানার ছবি করার চেষ্টা করি। কারণ, কোনো একটি নির্দিষ্ট ঘরানার ছবি করতে থাকলে তখন একঘেয়েমি চলে আসে।’
এই অ্যাকশন ছবিতে অক্ষয়-টাইগার জুটিকে একাধিক সাহসী স্টান্ট করতে দেখবেন দর্শক।