প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪ ১২:৩১ পিএম
পান্থ কানাই
পান্থ কানাই। দেশের
জনপ্রিয় একজন ড্রামবাদক। তবে একজন গায়ক হিসেবেও তার জনপ্রিয়তা নতুন করে বলার কিছু নেই।
তার কণ্ঠের বৈচিত্র্যতা খুব সহজেই শ্রোতাকে আকৃষ্ট করে, মুগ্ধ করে। ২০০৩ সালে প্রকাশ
হওয়া একক অ্যালবাম ‘নৌকা জমিন নাটাই’তে ‘সামনের মাসে তোমায় একটা নৌকা কিনে দেবো’ গান
দিয়ে তুমুল জনপ্রিয়তা পান পান্থ কানাই। এরপর উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।
গানের ভুবনে খানিকটা
অনিয়মিত তিনি। তবে ভালো কথা ও গল্পের গান পেলে গাইতে কখনও দুবার ভাবেন না। তেমনি আসছে
২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে তৈরি হওয়া একটি গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। এই দেশের
গানের শিরোনাম ‘জীবনের দামে কেনা’।
গানটির কথা লিখেছেন
এনআই বুলবুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ। গানটি প্রসঙ্গে পান্থ কানাই
বলেন, ‘অনেক দিন পর দেশের গান করেছি। দেশের গানের প্রতি আমার সব সময় একটা টান থাকে।
এ ছাড়া দেশের এ গানের কথা ও সুর পছন্দ হওয়ায় কণ্ঠ দিলাম বেশ আবেগ নিয়ে। কথা ও সুরে
দারুণ মেলোডি আছে। আমার পছন্দের একটি গান হয়ে থাকবে এটি।’
সুরকার অন্তু গোলন্দাজ
বলেন, ‘আমার প্রিয় শিল্পীদের একজন পান্থ কানাই। তার কণ্ঠে গানটি পরিপূর্ণতা পেয়েছে।
এখন সবাই টিকটক ভাইরাল হওয়ার গান নিয়ে ব্যস্ত। আমি সেখান থেকে বের হয়ে দেশের গান করেছি।
যারা দেশের গান পছন্দ করেন তাদের এ গান আশা করি ভালো লাগবে।’