প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪ ১৫:২০ পিএম
মঞ্চে আসছে বউদের পাঠশালা
মঞ্চের গুণী অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার। সিনেমা ও
ওটিটির কাজের বাইরে মঞ্চে নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনায় ২৪ মার্চ
সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত
হতে যাচ্ছে বিখ্যাত ফরাসি নাট্যকার মলিয়ে’র লেখা ক্লাসিক্যাল কমেডি ‘দ্য স্কুল ফর
ওয়াইভস’ (বউদের পাঠশালা)। মাইলস ম্যালসনের ইংরেজি অনুবাদ থেকে এ নাটকের বাংলা
রূপান্তর করেছেন আশীষ খন্দকার। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আমিন,
তোতো তিমথীয়, আবুল ফজল, পারভেজ রানা, কিংশুক খান প্রমুখ।
নাটকটির নির্দেশক আশীষ খন্দকার জানিয়েছেন, ‘বউদের পাঠশালা’ এক
ঘণ্টার প্রযোজনা। স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টারের প্রযোজনায় এ নাটকের
স্টুডিও ভার্সন দেখবে দর্শক।
নাটকের গল্পটি এমন : জনবহুল প্যারিসের চৌরাস্তায় আর্নোলফির
বাড়ি। কয়েক দিন পর ধনী বৃদ্ধ তার বাসায় ফিরে আসেন। ইতোমধ্যে তিনি তার ছদ্মনাম
রেখেছেন ‘লা সুচি’। ছোটবেলায় আগনিসকে বিয়ে করার ব্যাপারে মনস্থির করেন। অনভিজ্ঞ
আগনিস, যখন তার বয়স খুব অল্প, তখন থেকেই বৃদ্ধ আর্নোলফি তার সুন্দর ভবিষ্যৎ
তৈরিতে এবং নিজের জীবনের সঙ্গে জড়াতে স্বপ্নবিলাসী হন। বাধিত স্ত্রীর মতো আগনিসকে
সেই শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চেষ্টা করেন। হঠাৎ আর্নোলফি তার পুরোনো বন্ধু
ওরেন্টোর ছেলে হোরেসকে দেখে আনন্দে আপ্লুত হন।
যুবক হোরেস তার বাবা ওরেন্টোর আসার আগেই প্যারিসে চলে আসেন,
আর্নোলফির অনুপস্থিতিতে আগনিসের সঙ্গে তার দেখা হয়। হোরেস জানেন না এ সেই
ছদ্মবেশী লা সুচি যিনি কি না তার বাবার পুরোনো বন্ধু আর্নোলফি। হোরেস আগনিসের
সঙ্গে বাঁধনহারা প্রণয় রচনা করেন। ঘটনাচক্রে হোরেস আর্নোলফির কাছেই আগনিসকে পেতে
সাহায্য প্রার্থনা করেন। আর্নোলফি আগনিসের কাছে জানতে চান, তার অনুপস্থিতিতে এক
যুবক এ বাড়িতে আসে এবং আগনিসের প্রেম হয়। আর্নোলফি আগনিসকে বলেন, ‘সে যা করছে, তা
হলো যৌবনের অপব্যবহার।’ তিনি আগনিসকে তার আচরণের দিকে মনোযোগী হতে বলেন।
আগনিস শুধু আর্নোলফিকেই বিয়ে করবেন। আর্নোলফি আগনিসকে ‘বই’
দেন এবং শিক্ষা নিতে বলেন কীভাবে বউয়েরা স্বামীর অনুগত থাকবেন। এভাবেই একটি
চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাবে ‘বউদের পাঠশালা’র গল্প। শেষ পর্যন্ত কী হয়, জানতে
হলে দেখতে হবে নাটকটি।