প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪ ১২:৪০ পিএম
শাকিবের নায়িকা নাবিলা, থাকছেন মিমিও
ক্যারিয়ারে দুর্দান্ত সময় পার করছেন ঢালিউড কিং শাকিব খান। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা প্রিয়তমার দারুণ ব্যবসায়িক সাফল্যের পর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘রাজকুমার’ সিনেমাটি। যেখানে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। অন্যদিকে, প্রায় শেষের দিকে ‘দরদ’ সিনেমার কাজ। যেখানে শাকিব খানের বিপরীতে রয়েছেন বলিউড নায়িকা সোনাল চৌহান।
হিমেল আশরাফের রাজকুমার ও অনন্য মামুনের ‘দরদ’-এর শুটিং চলাকালেই ঘোষণা আসে শাকিব খানকে নিয়ে সিনেমা করবেন হালের আরেক জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। তবে সে সময় ‘তুফান’ নামের সিনেমাটিতে নায়িকা হিসেবে কে থাকছেন, সেটা জানানো হয়নি। তাই ক্রমেই জল্পনা-কল্পনা বাড়ছিল, তুফান সিনেমায় কাকে দেখা যাবে শাকিবের বিপরীতে।
মাসুমা রহমান নাবিলা
অবশেষে জানা গেল, দুই বাংলার তিন প্রতিষ্ঠানের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে থাকছেন দুই নায়িকা। তারা হলেন কলকাতার মিমি চক্রবর্তী। যার নাম আগেই গুঞ্জনে জানা গেছে। আরেক নায়িকা হিসেবে দেখা যাবে ‘আয়নাবাজি’খ্যাত মাসুমা রহমান নাবিলাকে। চঞ্চল চৌধুরীর সঙ্গে মুগ্ধ রসায়ন শেষে এবার তিনি শাকিব খানের নায়িকা হয়ে ধরা দিতে যাচ্ছেন পর্দায়।
মিমি চক্রবর্তী
খবরটি নিশ্চিত করেন নাবিলাসহ ‘তুফান’ কর্তৃপক্ষ। এ ব্যাপারে নাবিলা বলেন, ‘এক রকমের আনন্দ তো কাজ করছেই। সেই সঙ্গে এত দিন পর বড়পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলেই শান্তি। এই ছবির গল্পটা খুবই সুন্দর। চরিত্রগুলোও বেশ নতুনত্বে ভরপুর। আশা করা যায় তুফান খুব ভালো সিনেমা হবে।’
শাকিব খান
জানা গেছে, মিমি চক্রবর্তীও কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। চরকির কাছে তিনি বলেন, ‘বাংলাদেশে আমার প্রায়ই যাওয়া হয়। কখনও কাজে কখনো-বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সব সময় আনন্দের। সেই সঙ্গে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এ সিনেমার মধ্য দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।’
এ ব্যাপারে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই। এসভিএফের ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সোনি, আলফা-আই স্টুডিওজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনিও আনন্দিত সিনেমার মুখ্য দুই নারী চরিত্র নিয়ে। তাদের ভাষ্য, মিমি দুই বাংলাতেই পরিচিতমুখ। সেই সঙ্গে নাবিলার জন্যও অন্য রকম ভালোবাসা দর্শকের রয়েছে। বড়পর্দায় শাকিব খানের সঙ্গে নতুন এই দুই নায়িকা দুই বাংলার দর্শকের মধ্যে ঝড় তুলবেন- এ ব্যাপারে আমরা
আশাবাদী।