বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২ ০১:০২ এএম
দক্ষিণ ভারতের সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। তিনি অধিক পরিচিত ‘বাহুবলী’ সিনেমার দেবসেনা চরিত্রে অভিনয়ের জন্য। আজ এই অভিনেত্রীর জন্মদিন।
সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ‘দেবসেনা’খ্যাত এই অভিনেত্রী।
তার আসল নাম সুইটি হলেও আনুশকা নামেই তিনি পরিচিত। মূলত তামিল ও তেলুগু ছবিতে অভিনয় করেন। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন প্রভাসের বিপরীতে ‘বাহুবলী’ ছবিতে ‘দেবসেনা’ চরিত্রে অভিনয় করে। এ চরিত্রটি তাকে আন্তর্জাতিক স্তরেও তারকার মর্যাদা এনে দিয়েছে।
আনুশকা জন্মগ্রহণ করেছেন ১৯৮১ সালের ৭ নভেম্বর ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোরে। কাজ করেন তেলুগু ও তামিল ছবিতে। যদিও তিনি কর্মজীবন শুরু করেছিলেন যোগব্যায়াম প্রশিক্ষক হিসেবে। সে সময়ই তাকে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানানো হয় এবং তিনি সে প্রস্তাব সাদরে গ্রহণ করেন।
পরবর্তীতে আনুশকা হয়ে ওঠেন সাউথ ইন্ডিয়ান সিনেমার অন্যতম বড় তারকা।
হায়দরাবাদের জুবিলি হিলসে লাক্সারি অ্যাপার্টমেন্ট রয়েছে তার। একেকটি ছবির জন্য তিনি নেন ৪ থেকে ৫ কোটি টাকা। গাড়ি ও মোটরবাইকের শখ আছে আনুশকার। তার গ্যারাজে অডি এ৬, বিএমডবিøউ ৬ ও টয়োটা করোলা রয়েছে।
আনুশকা শেঠি বাহুবলী ছাড়াও অরুন্ধতি, রুদ্রমাদেবী, মির্চি, সাইজ জিরো, নিঃশব্দমের মতো ছবিতে অভিনয় করেছেন। এখন দক্ষিণী ভারতীয় ছবিতে তিনি অন্যতম এক উজ্জ্বল নাম।
তার সবচেয়ে বড় পরিচয়, তিনি নিজেকে ‘লেডি সুপারস্টার’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।