প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১০:২৫ এএম
কেট উইন্সলেট
১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের টাইটানিক দিয়ে তারকা খ্যাতি পেয়েছিলেন কেট উইন্সলেট। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি অল্প বয়সে তারকা খ্যাতি এবং এর জন্য সব সময় গণমাধ্যমের আলোচনার বিষয়বস্তুতে থাকায় যে চাপের সম্মুখীন হয়েছিলেন সে সম্পর্কে বলেছিলেন। তার ভাষ্য, ‘টাইটানিকের সাফল্যের পর আমি বুঝতে পারি আমাকে এখন ভিন্ন দৃষ্টিতে নিজেকে দেখতে হবে। নিজের চেহারার মান ধরে রাখতে হবে এবং নির্দিষ্ট ব্যক্তিত্ব ধরে রেখে নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে হবে। আর যেহেতু সে সময়ে মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, এর জন্য আমার পছন্দ-অপছন্দগুলোও প্রভাবিত হচ্ছিল। এ খ্যাতি ও সাফল্য আমার জীবন বেশ অপ্রীতিকর করে তোলে।’
-65e7f0302ffe6.jpeg)
৪৮ বছর বয়সি এ ব্রিটিশ অভিনেত্রী আবার এসেছেন নতুন সিরিজ ‘দ্য রেজিম’ নিয়ে। সিরিজটির প্রচারে ‘দ্য টুডে শো’তে এসে বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন তিনি। এ অভিনেত্রী মনে করেন, সে সময়ের চেয়ে বিনোদন দুনিয়া এখন অনেকটাই বদলে গেছে। নতুন সিরিজটির প্রচারে দ্য টুডে শোতে এসে তিনি বলেন, ‘এখনকার তরুণ নারী শিল্পীদের জন্য সবকিছু অনেকটাই বদলে গেছে। শুরু থেকেই তারা নিজেদের একটা অবস্থান তৈরি করেছেন। প্রত্যেকের স্বতন্ত্র একটা ব্যাপার আছে। তারা জানেন কীভাবে নিজেদের অবস্থান ধরে রাখতে হয়। এসব তরুণ অভিনেত্রী নিজেদের গুরুত্ব জানেন, একে অন্যের পাশে দাঁড়ান।’
কেট উইন্সলেটের নতুন সিরিজ দ্য রেজিমের প্রথম পর্ব ৩ মার্চ প্রচারিত হয়। ছয় পর্বের সিরিজটির প্রতিটি ধারাবাহিক মুক্তি পাবে ৭ এপ্রিল পর্যন্ত। এইচবিওর রাজনৈতিক বিদ্রূপাত্মক এ সিরিজ বানিয়েছেন স্টিভেন ফিয়ার্স ও জেসিকা হবস। সিরিজটিতে কেট উইন্সলেটকে দেখা যাবে একটি কাল্পনিক ইউরোপীয় দেশের চ্যান্সেলর হিসেবে। কেট ছাড়া সিরিজটিতে আরও অভিনয় করেছেন মার্থা প্লিম্পটন, অন্দ্রেয়া রাইসব্রো, হিউ গ্র্যান্ট।