প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪ ০৯:৩২ এএম
শারমিন আঁখি
ক্যারিয়ারে যখন সুসময় চলছে ঠিক তখনই একটি দুর্ঘটনায় থমকে যায় সবকিছু। বাধাগ্রস্ত হয় শারমিন আঁখির সব স্বপ্ন! একটি নাটকের শুটিং চলাকালে বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। পুড়ে যায় অভিনেত্রীর শরীরের ৩৫ শতাংশ। তার বেঁচে ফিরে আসাই ছিল অনিশ্চিত। অকালে সহশিল্পীর সম্ভাব্য করুণ পরিণতি শোবিজের সবার মধ্যে বিষাদ নামিয়েছিল। তবে সবার দোয়া ও ভালোবাসায় ফিরে এসেছেন আঁখি। সুস্থ জীবনে, অভিনয়ের আঙিনায়ও। তার এ ফিরে আসা সত্যিই অনন্য।
২০২৩ সালের ২৮ জানুয়ারি শুটিংয়ে অগ্নিদগ্ধ হন শারমিন আঁখি। দুই মাস চিকিৎসা নিয়ে ২৮ মার্চ বাসায় ফেরেন। এখন ঘরবন্দি চলছে তার জীবনযুদ্ধ! এই ভালো, এই খারাপ- এভাবেই চলছে অভিনেত্রীর দিনরাত। ধীরে ধীরে সুস্থতার পথে আঁখি। তবে এক বছর ধরে ঘরবন্দি থাকার পর সেই আঁখি আবারও নতুনভাবে কাজে ফিরছেন। যে মঞ্চ দিয়ে তার ক্যারিয়ার শুরু হয়েছিল সেই মঞ্চ দিয়েই দ্বিতীয় ইনিংসে ফিরছেন।
-65e3ef29465b1.webp)
গ্রুপ থিয়েটার উৎসবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল সন্ধ্যায় অরিন্দম নাট্য সম্প্রদায়ের নাটক ‘কবি’ মঞ্চস্থ হয়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সাইমন জাকারিয়া। নির্দেশনায় শামীম হাসান। নাটকটি অরিন্দমের ২৯তম প্রযোজনা। এর কেন্দ্রীয় চরিত্র নিতাই কবিয়াল হওয়ার স্বপ্নে বিভোর। বিবাহিতা ঠাকুরঝি ও বাজনাদার ঝুমুর দলের বসনÑএ দুই নারী চরিত্র নিতাইকে নিয়ে যায় অসমাপ্ত জীবনজিজ্ঞাসার উত্তরের খোঁজে।
নাটকটিতে ‘বসন’ চরিত্রে অভিনয় করেছেন শারমিন আঁখি। এ নাটক দিয়েই নতুন করে কাজে ফিরলেন তিনি। নিতাই চরিত্রে পঙ্কজ রনি এবং ঠাকুরঝি চরিত্রে জান্নাতুল নাঈম। এ ছাড়া আরও অভিনয় করেছেন সাইফুল ইসলাম বাবু, সাবেরা সুলতানা, নাজিম উদ্দিন চৌধুরী, আকবর রেজা, সজীব সেন, বিজয় দাস, পূজা প্রমুখ।
তিনি বলেন, ‘পুরোপুরি সুস্থ হইনি। আরও সময় লাগবে। এক বছর ধরে কাজহীন হয়ে ঘরবন্দি ছিলাম। মানসিকভাবে বিষাদ লাগে। তাই কাজে ফিরলাম। খুব উপভোগ করেছি আমি। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দোয়া চাই যেন শারীরিকভাবে পুরোপুরি সুস্থ হতে পারি।’
মঞ্চ দিয়েই ক্যারিয়ারটা নতুন করে শুরু করলেন তিনি। ধীরে ধীরে নাটকের অভিনয়েও ফিরতে চান।