মহিউদ্দিন আলী মাহি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৭:২৩ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২২ ১৮:১২ পিএম
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই। গান গাওয়ার পাশাপাশি তিনি ড্রামবাদক, শাস্ত্রীয় তবলাবাদক ও সংগীতশিক্ষক হিসেবেও সমাদৃত। গানের পাশাপাশি নানা সময় মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি।
এবার তাকে সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। সিনেমার নাম ‘দাহকাল’। পরিচালনা করবেন মঈন হাসান ধ্রুব। সঙ্গে আছেন তাসনিয়া ফারিণ।
পান্থ কানাই এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখলেন। রবিবার (৬ নভেম্বর) প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন পান্থ কানাই। তিনি বলেন, ‘দাহকাল’ সিনেমার শুটিং রবিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিনই শুটিংয়ে অংশ নেন পান্থ কানাই ও তাসনিয়া ফারিণ।
পান্থ বলেন, রবিবারই প্রথম সিনেমার শুটিং শুরু করলাম। প্রথম দিন হলেও বেশ ভালোভাবেই শুটিংটি করেছি। সবাই প্রশংসাও করেছে। একটু নার্ভাস লাগলেও বেশ উপভোগ করছি। এ ছাড়া সবাই খুব সহযোগিতা করেছে।’
এ সময় সিনেমার অভিনয় ও নতুন অভিজ্ঞতা নিয়ে পান্থ আরও বলেন, ‘জীবনের নতুন একটি অধ্যায় শুরু হলো। আশা করছি এখন থেকে গানের পাশাপাশি অভিনয়েও মনোযোগী হব। কারণ সবাই আমার অভিনয়ের প্রশংসা করেছে। প্রথম দিন শুটিং করে আমি সন্তুষ্ট।’
পান্থ আরও বলেন, অভিনয়টা উপভোগ করছি। সুযোগ হলে এখানে নিয়মিত হতে চাই।
পান্থ কানাই বাংলাদেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম। ২০০১ সালে ‘তাণ্ডব’ ব্যান্ডের সাথে তার অভিষেক অ্যালবাম ‘মা’ প্রকাশ করেন। এরপর স্কুলজীবন থেকেই তিনি জ্যাজ ড্রাম বাজানো শুরু করেন, পরবর্তীতে সোলস ও নগর বাউলের মতো ব্যান্ডগুলোতে ড্রাম বাজিয়ে দেশের অন্যতম জনপ্রিয় গায়ক ও ড্রামবাদক হয়ে ওঠেন। বর্তমানে কোক স্টুডিওতে নিয়মিত যন্ত্রবাদক হিসেবে পারফর্ম করছেন। যন্ত্র হাতে প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বেও তাকে দেখা যাবে।