প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ১৪:৩৯ পিএম
ক্রিস্টোফার নোলান নির্মিত বায়োপিক ‘ওপেনহেইমার’ বিশ্বজুড়ে আলোড়ন তৈরি করেছে। এ ছবি দিয়ে নানা স্বীকৃতি ও পুরস্কার ঘরে তুলছেন বরেণ্য এ নির্মাতা। স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড পুরস্কার নেওয়ার এক দিন পরে, রবিবার রাতে আমেরিকার সর্বোচ্চ সম্মান প্রডিউসার গিল্ড জয় করল।
পারমাণবিক বোমার জনক জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি গেল বছর বিশ্বজুড়ে বক্স অফিসে তুমুল সাফল্য পায়। পরিচালক নোলান দুই সপ্তাহ আগে ডিরেক্টরস গিল্ড অব আমেরিকার ফিচার-ফিল্ম পরিচালনা পুরস্কার জয় করেছিলেন।
এ ছাড়া ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের সর্বোচ্চ ১৩ শাখায় মনোনয়ন পেয়েছে ক্রিস্টোফার নোলানের আলোচিত সিনেমা ‘ওপেনহেইমার’। সিনেমাটি সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ গুরুত্বপূর্ণ শাখায় মনোনয়ন পেয়েছে। এ সিনেমার কিলিয়ান মারফি, এমিলি ব্ল্যান্ট, রবার্ট ডাউনি জুনিয়র প্রত্যেকেই অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন।
ক্রিস্টোফার নোলানও জায়গা করে নিয়েছেন সেরা পরিচালকের মনোনয়ন তালিকায়। এর আগে গোল্ডেন গ্লোবে ও ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডেও বাজিমাত করেছে ‘ওপেনহেইমার’। বাফটাতেও সর্বোচ্চ ১৩ শাখায় মনোনয়ন পেয়েছে সায়েন্স ফিকশনধর্মী ছবিটি।