× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীর্ঘদিন পর বেতারের গানে রুনা লায়লা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৪ ১৩:৫৮ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৪ ১৪:৩৯ পিএম

দীর্ঘদিন পর বেতারের গানে রুনা লায়লা

ঠিক কত বছর পর বাংলাদেশ বেতারের জন্য গান গাইলেন হিসাব করে বের করা না গেলেও দুই দশকের বেশি সময়তো হবেই। একসময় নিয়মিত শুধু বেতারের জন্য কিছু গান গেয়েছিলেন রুনা লায়লা। সেসব গানও বেশ জনপ্রিয় হয়েছিল। বহু বছর পর আবারও বেতারের জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির শিরোনাম ‘ও বৃষ্টি তুমি’। 

গানটি লিখেছেন সুমন সরদার। সুর করেছেন সাদেক আলী। সাদেক আলী দীর্ঘদিন রুনা লায়লার সঙ্গে একজন মিউজিশিয়ান হিসেবে কাজ করে যাচ্ছেন। এর আগেও সাদেক আলীর সুরে রুনা লায়লা চ্যানেল আইয়ের জন্য শিশুদের নিয়ে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। এই নিয়ে দ্বিতীয়বারের মতো সাদেক আলীর সুরে রুনা লায়লা গান গাইলেন। তবে এবার রুনা লায়লা সাদেক আলীর সুরে বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের জন্য গান গেয়েছেন। গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের ট্রান্সক্রিপশন সার্ভিসের ড্রামা স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। 

১৯৭২ সালের আগস্টে ট্রান্সক্রিপশন সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। স্বাধীন দেশে এটি হলো বেতারের সর্বপ্রথম স্বয়ংসম্পূর্ণ একটি আর্কাইভিং স্থাপনা। ট্রান্সক্রিপশন সার্ভিসেই সর্বপ্রথম বাংলাদেশ বেতারে ডিজিটাল যুগের সূচনা হয় ২০০১ সালের ১৮ জুন ট্রান্সক্রিপশন সার্ভিসে ডিজিটাল আর্কাইভিং কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে। রুনা লায়লার গান রেকর্ডিংয়ের সময় উপস্থিত ছিলেন ট্রান্সক্রিপশন সার্ভিসের পরিচালক মো. আনোয়ার হোসেন মৃধা, আঞ্চলিক পরিচালক রওনক জাহানসহ অনেকে। 

গানটির রেকর্ডিং শেষে রুনা লায়লা বলেন, ‘দীর্ঘদিন পর বেতারে এসে ভীষণ ভালো লাগল। বেতারের আধুনিকায়ন দেখে মুগ্ধ হয়েছি। আর সবার আন্তরিকতাও আমাকে মুগ্ধ করেছে। নতুন গানটির কথা যেমন ভালো লেগেছে আমার, সুরটাও ভীষণ ভীষণ ভালো। আশা করা যাচ্ছে যে গানটি শ্রোতাদের ভালো লাগবে। বাংলাদেশ বেতারে এর আগেও আমার গাওয়া কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পেয়েছে। আশা করা যাচ্ছে যে এই গানটিও ভালো লাগবে সবার।’ 

সাদেক আলী জানান, শিগগিরই গানটি বাংলাদেশ বেতারে প্রচারে আসবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা