প্রবা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৪:২২ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২২ ১৪:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রের গায়ক ও র্যাপার অ্যারন কার্টার।
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গায়ক ও র্যাপার অ্যারন কার্টার ৩৪ বছর বয়সে মারা গেছেন বলে জানিয়েছে বিবিসি। তিনি ব্যাকস্ট্রিট বয়েজের নিক কার্টারের ছোট ভাই।
ওয়েবসাইট টিএমজেড জানিয়েছে, শনিবার ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারে তার বাড়িতে কার্টারকে বাথরুমে মৃত অবস্থায় পাওয়া যায়।
তার র্যাপ দলের সদস্যরা জানিয়েছেন, ‘এটি সত্যিই একটি খারাপ সময়। কী ঘটেছে এবং কী কারণে ঘটেছে তা খুঁজে বের করার চেষ্টা করছি আমরা। আমরা প্রত্যেকের মতোই বিচলিত এবং আশা করি ভক্তরা তার শোকাহত পরিবারকে সান্ত্বনা দেবেন।’
টিএমজেড আরও জানিয়েছে , লস অ্যাঞ্জেলেস কাউন্টি পুলিশ খবর পেয়ে স্থানীয় সময় প্রায় রাত ১১টায় ঘটনাস্থলে পৌঁছায়।
কার্টারের একটি সফল একক ক্যারিয়ারও ছিল। নব্বইয়ের দশকের শেষের দিকে তার চারটি অ্যালবামের লাখ লাখ কপি বিক্রি হয়েছিল; যার মধ্যে প্রথম অ্যালবামটি প্রকাশের সময় তার বয়স ছিল মাত্র ৯ বছর।
তার দ্বিতীয় অ্যালবাম অ্যারনস পার্টি (কাম গেট ইট) ২০০০ সালে মুক্তি পায় এবং ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করে।।
এতে আই ওয়ান্ট ক্যান্ডি, অ্যারনস পার্টি (কাম গেট ইট) ও দ্যাটস হাউ আই বিট শাকের গানগুলো ছিল বিশেষ বৈশিষ্ট্যযুক্ত। তিনি ব্যাকস্ট্রিট বয়েজ কিছু গান এবং ব্রিটনি স্পিয়ার্সের ‘আই ডিড ইট অ্যাগেইন ট্যুর’ গানটি কাভার করেছিলেন।
কার্টার বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে র্যাপারে রূপান্তরিত হন। মাদকদ্রব্য সেবন ও বেপরোয়া গাড়ি চালানোর জন্য তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছে।
এ বছরের শুরুর দিকে তিনি ডেইলি মেইলকে বলেছিলেন, তিনি আর তার ক্যারিয়ার এলোমেলো দেখতে চান না।
তিনি বলেন, ‘কিছু লোক যেভাবে আমাকে তুলে ধরার চেষ্টা করে আমি তা নই।’
কার্টারের ছেলে প্রিন্স ২০২১ সালে জন্মগ্রহণ করে। কার্টারের মৃত্যুর পর তার সাবেক স্ত্রী মেলানি মার্টিন এক বিবৃতিতে বলেছেন, তিনি এখনও এই দুর্ভাগ্যজনক বাস্তবতাকে গ্রহণ করার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
মেলানি আরও বলেন, ‘কার্টারের চিন্তাভাবনা এবং কাজ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।’
নব্বইয়ের দশকের পপস্টার নিউ কিডস অন দ্য ব্লক কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তারা তার মৃত্যুতে মর্মাহত এবং দুঃখিত।
শোবিজ জগতের অন্য ব্যক্তিত্ব যারা কার্টারের মতো একই সময়ে গান শুরু করেছিলেন, তারা প্রয়াত গায়ককে স্মরণ করে তাদের নিজস্ব বার্তা পোস্ট করেছেন।
ওয়ান ট্রি হিল তারকা টাইলার হিলটন বলেছেন, তার মৃত্যুর খবর হৃদয়বিদারক।