বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২২ ১৪:০৩ পিএম
রোমান্টিক ধারার নতুন একটি সিনেমা নির্মাণ হতে যাচ্ছে। এর নাম ‘ভালোবাসি তোমায়’। ছবিতে জুটিবদ্ধ হলেন কায়েস আরজু ও শিরিন শিলা। ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায় ছবিটির কাহিনী লিখেছেন আবুল হোসেন মজুমদার।
ফারুক হোসেন মজুমদার প্রযোজিত এই ছবিটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন আনোয়ার শিকদার।
প্রযোজনা সংস্থা মজুমদার ফিল্মস সূত্রে জানা যায়, চলতি মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে। গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারের মনোরম এবং নয়নাভিরাম সব লোকেশনে চলচ্চিত্রটির দৃশ্যায়ন হবে।
নির্মিতব্য এই চলচ্চিত্রে কাজ করার বিষয়টি নিশ্চিত করে চিত্রনায়ক কায়েস আরজু বলেন, ‘ছবিটির গল্প অসাধারণ। পড়ে ভালো লেগেছে। ছবিটির গল্পে ভিন্নতা আছে। এক কথায় এটি একটি নিটোল প্রেমের গল্পের ছবি।
আর আমার চরিত্রটিও মনে রাখার মতো। আশা করছি ভালো কিছু হবে। দীর্ঘদিন যাবত বেশ কয়েকটি ছবির অফার পেয়ে আসছি। কিন্তু ব্যাটে বলে মিলছেনা বলে সব ছবিতে কাজ করা সম্ভব হচ্ছেনা। মনের মতো গল্প ও চরিত্র পেলাম। গল্পের সাথে সামঞ্জস্য রেখে গান ও একশনসহ বাণিজ্যিক ধারার সকল উপকরণ ছবিটিতে রাখা হয়েছে। আশা করছি সব শ্রেণির দর্শকদের কাছে ছবিটি ভালো লাগবে।’
এ ছবিতে কাজ করা নিয়ে নায়িকা শিরিন শিলা বলেন, ‘খুব মিষ্টি একটি প্রেমের গল্পে কাজ করতে যাচ্ছি। প্রতিটি চরিত্রই এখানে গুরুত্বপূর্ণ। ছবির শুটিং শুরু করার অপেক্ষায় আছি।’
শিরিন-আরজু ছাড়াও এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজী প্রমুখ।
নির্মিতব্য এই ছবিটিতে গান রয়েছে পাঁচটি। এসব গানে কণ্ঠ দেবেন আতিয়া আনিসা, এস কে সাগর শান, পড়শী, এস এ মুন্না, কাজী শুভ,বিন্দু কনা বেলাল খান, মিতা মল্লিক ও তানজিনা রুমা।