প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৫ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৯ পিএম
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। নতুন বছরে বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে আসে তার অভিনীত ‘বিয়ে করব সিলেটে’ নাটকটি। এর রেশ না কাটতেই প্রকাশ হয়েছে তার অভিনীত ও জামাল হোসেনের গল্পে ‘সাত দিনের ফুলি’ শিরোনামে একটি নাটক। তার সঙ্গে এতে আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত। যমজ বোনের গল্পে এ নাটকটি নির্মাণ হয়েছে। এটি নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। প্রযোজনা করেছে রঙ্গন মিউজিক।
নাটকটি প্রসঙ্গে জামাল হোসেন বলেন, ‘আমি সব সময় পারিবারিক গল্পের নাটক লিখতে পছন্দ করি। এ নাটকেও সুন্দর একটি গল্প আছে। দুজন যমজ বোনের গল্প নিয়ে এ নাটক। যেখানে দেখা যায়, যমজ দুই বোনের একজন ঘটনাক্রমে এক ধনী পরিবারে বড় হয়। অন্যজন তার গরিব বাবা-মায়ের কাছেই থেকে যায়। সময়ের পরিক্রমায় তাদের দুজনের দেখা হয়। তারপর গল্প অন্যদিকে মোড় নেয়।’
মাহি বলেন, ‘এ নাটকের মধ্য দিয়ে প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করেছি। সুন্দর একটি গল্প আছে এ নাটকে।’
এ ছাড়া আসছে রোজার ঈদ উপলক্ষে নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সামিরা খান মাহি।