প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৩ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:১০ পিএম
বাওয়াল সিনেমা দিয়ে বাজিমাত করেছেন বলিউডের নতুন প্রজন্মের দুই তারকা বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। দুজনের কেমিস্ট্রি মনে ধরেছিল দর্শকের। রোমান্টিক ও পারিবারিক আবহে শিক্ষামূলক গল্পের সিনেমাটি বক্স অফিসেও ভালো সাড়া পেয়েছিল।
সে জুটি আবারও পর্দায় ফিরছেন। করণ জোহর গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ঘোষণা করেছেন এ জুটি নিয়ে সিনেমা নির্মাণের। নাম ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শশাঙ্ক খৈতান। রোমান্টিক কমেডি ঘরানার এ ছবির প্রযোজনার দায়িত্বে আছে করণ জোহরের ধর্মা প্রোডাকশনস।
ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুরকে। প্রেক্ষাগৃহে এ ছবি মুক্তি পাবে ২০২৫ সালের ১৮ এপ্রিল। এদিন প্রকাশ্যে এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
২১ ফেব্রুয়ারি নির্মাতাদের তরফে একটি টিজার শেয়ার করা হয় যে এসকে (শশাঙ্ক খৈতান) পরিচালিত প্রেমকাহিনী খুব শিগগির আসতে চলেছে। সেখানেই জানানো হয়েছিল এ ছবি সম্পর্কে বড় ঘোষণা করা হবে ২২ ফেব্রুয়ারি। আর সেটিই হলো বরুণ-জাহ্নবী জুটির নাম প্রকাশ।
এ ছবির ঘোষণা দিয়ে ভিডিও শেয়ার করে করণ জোহর লেখেন, ‘সংস্কারি ও তার হবু কুমারীর কাহিনী! বিনোদনে মোড়া প্রেমকাহিনী আসছে বড়পর্দায়!’
শশাঙ্কের পরিচালনায় বরুণের অভিনয় মানেই দর্শক ‘দুলহনিয়া’ ফ্র্যাঞ্চাইজির ছবি আশা করেন। এর আগে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ ও ‘বদ্রিনাথ কি দুলহনিয়া’ ছবি দুটিরই পরিচালক ছিলেন শশাঙ্ক। দুই ছবিতেই বরুণ ও আলিয়া জুটি বেঁধেছিলেন। তবে এবারের ছবির গল্প কেমন হয় তা অবশ্যই সময় বলবে।
কাজের ক্ষেত্রে জাহ্নবী কাপুরকে শেষ দেখা গেছে বরুণ ধাওয়ানের সঙ্গে রোমান্টিক ড্রামা ‘বাওয়াল’ ছবিতে। পরিচালনা করেন নীলেশ তিওয়ারি। এরপর তাকে ‘উলঝ’ ছবিতে আইএফএস অফিসারের চরিত্রে দেখা যাবে। সেখানে অভিনয় করছেন গুলশান দেবাইয়া, রোশন ম্যাথিউ ও রাজেশ তৈলং। এ ছাড়া তিনি জুটি বাঁধবেন তেলুগু তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে। ‘দেবারা’ এ ছবির নাম, যার হাত ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখছেন তিনি। এ ছাড়া রাজকুমার রাওয়ের সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতেও কাজ করবেন।
অন্যদিকে বরুণ ধাওয়ানকেও সর্বশেষ বাওয়াল ছবিতে দেখা গেছে। কালিসের পরিচালনায় অ্যাটলির সহযোগিতায় ‘বেবি জন’ ছবিতে দেখা যাবে তাকে। এ ছাড়া ছবিতে রয়েছেন ওয়ামিকা গাব্বি, কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ ও রাজপাল যাদব। চলতি বছরের ৩১ মে প্রেক্ষাগৃহে এ ছবি মুক্তি পাওয়ার কথা। এ ছাড়া তিনি থ্রিলার ওয়েব সিরিজ ‘সিটাডেল ইন্ডিয়া’য়ও কাজ করছেন। সম্প্রতি অভিনেতা সন্তান আগমনের ঘোষণাও করেছেন।