সৌম্য প্রীতম
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১৬:১১ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ১৭:০৭ পিএম
সংগীতের ভুবনে দুনিয়াজোড়া খ্যাতি তার। গান তার জীবন, এর সঙ্গেই তার যত সখ্য। ‘সামার অব সিক্সটি নাইন’ খ্যাত রকস্টার ব্রায়ান অ্যাডামসের ৬৪তম জন্মদিন আজ। ১৯৫৯ সালের এই দিনে কানাডার কিংস্টনে জন্মগ্রহণ করেন সব সময়ের সেরা এই সংগীত তারকা।
কখনও জনপ্রিয়তার পেছনে ছোটেননি এই শিল্পী, বরং সাফল্য এসে ধরা দিয়েছে তার হাতের মুঠোয়। সংগীতকে ভালোবেসেই মাত্র ১৫ বছর বয়সে একজন নেপথ্য গায়ক হিসেবে বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজ শুরু করেন। পাশাপাশি বিভিন্ন ক্লাব, রেস্তোরাঁয় চলত শখের গানবাজনা। ১৯৮০ সালে স্বনামে প্রথম অ্যালবাম প্রকাশ করলেও খুব একটা সাড়া মেলেনি। এমনকি দ্বিতীয় ও তৃতীয় অ্যালবামেও না। ১৯৮৪ সালে প্রকাশিত ‘র্যাকলেস’ অ্যালবামের ‘সামার অব সিক্সটি নাইন’ গানটি তাকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলে। সেই শুরু। গত চার দশক ধরে সংগীতভুবন চষে বেড়াচ্ছেন ব্রায়ান অ্যাডামস। চিত্তাকর্ষক সুর, গানের কথা ও মনোমুগ্ধকর মঞ্চ পরিবেশনা দিয়ে সারা বিশ্বেরর সংগীতপিপাসুদের মনে জায়গা করে নিয়েছেন শিল্পী।
তার ‘এভরিথিং আই ডু’, ‘এইটিন টিল ডাই’ অ্যালবাম দুটি সংগীতভক্তদের মাঝে আজও তুমুল জনপ্রিয়। ৪৭ বছরের সংগীত ক্যারিয়ারে ব্রায়ান জিতে নিয়েছেন অসংখ্য পুরস্কার ও নমিনেশন। গ্র্যামি অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছেন ১৫বার, অস্কারে তিনবার, গোল্ডেন গ্লোবেও একাধিকবার নমিনেশন পেয়েছেন তিনি। সংগীত ও সমাজকর্মে অবদানের জন্য অর্ডার অব কানাডা ও অর্ডার অব ব্রিটিশ কলম্বিয়া উপাধিতে ভূষিত হয়েছেন ব্রায়ান। সংগীতশিল্পী হিসেবে বেশি জনপ্রিয় হলেও ফটোগ্রাফার, অভিনেতা ও সমাজকর্মী হিসেবেও ব্রায়ান খ্যাতি অর্জন করেছেন। ২০০৮ সালে বিলবোর্ডের সব সময়ের সেরা ১০০ শিল্পীর মধ্যে ৩৮তম স্থানে জায়গা করে নেন ব্রায়ান। ২০১১ সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসেন কিংবদন্তি এই সংগীতশিল্পী।