প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪১ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৫৮ পিএম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। অনেক দিন আগে শুটিং শেষ করেছিলেন ‘৫৭০’ সিনেমার। সেটি পড়ে ছিল সেন্সর বোর্ডের টেবিলে। মিলছিল না মুক্তির অনুমতি। তাই এ সিনেমা নিয়ে আক্ষেপ ছিল বাপ্পীর। অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে ছবিটি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার নির্মমভাবে হত্যা করা হয়। নির্মম এ হত্যাকাণ্ডের পরবর্তী ৩৬ ঘণ্টার ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘৫৭০’ শিরোনামে চলচ্চিত্র। দীর্ঘদিন সেন্সর বোর্ডে পড়ে থাকার পর অবশেষে ছাড়পত্র পেল সিনেমাটি। চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আশরাফ শিশির।
প্রায় তিন বছর আগে শুটিং হওয়া সিনেমাটি প্রায় ছয় মাস আটকে থাকার পর ১১ ফেব্রুয়ারি সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য সনদ প্রাপ্ত হয়েছে। বেশ কিছু দৃশ্য কর্তন সাপেক্ষে সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানান তিনি। নির্মাতা বলেন, ‘সেলুলয়েডের পর্দায় সেই মর্মান্তিক দিনটি তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে এ ছবিটির মাধ্যমে। যেখানে উঠে আসবে বঙ্গবন্ধু হত্যা-পরবর্তী ৩৬ ঘণ্টার প্রতিটি মুহূর্ত। প্রায় ছয় মাস আটকে থাকার পর অবশেষে সিনেমাটি ছাড়পত্র পেল।’
এতে বঙ্গবন্ধুর লাশ বহন করা সেনাবাহিনীর একজন সৈনিক চরিত্রে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে। মূলত তার উপস্থিতিতেই হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর রক্তাক্ত মৃতদেহ ঢাকা থেকে নিয়ে যাওয়া হয় টুঙ্গিপাড়ায়। ছবিটি প্রসঙ্গে বাপ্পীর ভাষ্য, পুরো ছবির গল্প তিনি নির্মাতার কাছে শুনেছেন প্রায় চার ঘণ্টা সময় নিয়ে। শুনে তিনি কেঁদেছেন অঝোরে। তার ভাষ্য, ‘ঘটনাগুলো আসলে সহ্য করার মতো নয়। এবং এ ছবিটির প্রতিটি চরিত্র ও বর্ণনা মূল ঘটনা অবলম্বনে তৈরি। যার পুরোটা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে অনাপত্তিপত্র নেওয়া হয়েছে।’
সিনেবাজ ফিল্মসের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার শাম ইসলাম ও জ্যোৎস্না ইসলাম।
বাপ্পী ছাড়াও ৫৭০-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনয়শিল্পী মাসুম আজিজ, স্বাধীন খসরু, কাজী রাজু, সুমনা সোমা, সুজাত শিমুল প্রমুখ। ছবিটি সম্পাদনায় ছিলেন সাব্বির মাহমুদ ও সামিউল আলম স্বপ্ন, প্রধান চিত্রগ্রাহক ছিলেন সমর ঢালী এবং সংগীত পরিচালনায় রাফায়েত নেওয়াজ।
ভিএফএক্সের কাজ করা হয়েছে ভিএফএক্স-টুন স্টুডিওতে। কারিগরি সহায়তায় মিডিয়া ইন বাংলাদেশ, শিল্পনির্দেশক তনি ও ফরিদ আহমেদ এবং কস্টিউম ডিজাইনার জান্নাতে তাহেরা মৌরি।
৫৭০-এর থিম সংগীত রচনা করেছেন পরিচালক আশরাফ শিশির। কণ্ঠ দিয়েছেন ওয়ারফেজের প্রাক্তন লিড ভোকাল এবং এ সময়ের জনপ্রিয় ব্যান্ড তারকা মিজান রহমান।