বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২ ১৪:৫৩ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২২ ১৭:৩৮ পিএম
ছোটপর্দার শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ আয়োজিত টেলিভিশন নাটক, অভিনয় নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। ৫ নভেম্বর শনিবার শিল্পকলা একাডেমিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
'সাম্প্রতিক কাহিনীচিত্র ও অভিনয় বাস্তবতা' নামে এই সেমিনারে টেলিভিশন প্রতিনিধিদের সাথে শিল্পীদের মতবিনিময় হয়। আলোচনার শুরুতে নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ টেলিভিশন নাটক ও তার অভিনয়ের দুর্বলতা তুলে ধরেন। এ সময় তিনি নাটকের বাজেটসহ নানা বিষয় তুলে ধরেন। এরপরই শুরু হয় আগত অতিথিদের বক্তব্য।
অনুষ্ঠানের একপর্যায়ে অভিনেত্রী তারিন জাহান নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, 'এখন সবকিছুই ভিউয়ের ওপর নির্ধারণ করা হয়। আর সবচেয়ে বড় শিল্পী এখন ভিউয়াররা। তারা দেখলেই নাটক হিট হয়। যার ফলে টেলিভিশন কোম্পানিগুলো ভিউয়ারদের কথা মাথায় রেখে শিল্পী ও গল্প নির্ধারণ করেন। তাই আমি মনে করি এখন শিল্পীদের থেকেও বড় শিল্পী ইউটিউব-ফেসবুকের দর্শকরা।'
এ সময় তারিন আরও বেশ কিছু বিষয় তুলে ধরে নিজের আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, 'আমাদের শিল্পীদের এখন শুধু অভিনয় দিয়ে পেট চলে না। তারা তাই সেটে বসেই অভিনয়ের পাশাপাশি কন্টেন্ট তৈরি করেন। আসলে আমাদের পেশা আমরা নিজেরাই ছোট করে ফেলছি। তাই নিজেদের অধিকার নিজেদেরই বাস্তবায়ন করতে হবে।'
আজকের সেমিনারে উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসানসহ সংগঠনের আরও অনেকে।
ছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নাট্যজন মামুনুর রশিদসহ তৌকির আহমেদ, জয়া আহসান, তারিন জাহান, গাউসুল আলম শাওন ও অনেকে।
শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিমের সমাপনী বক্তব্য দিয়ে সেমিনারের সমাপ্তি হয়।