প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:২১ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৭ পিএম
ভারতের বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক মারা গেছেন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এ খবর দিয়েছে হিন্দুস্তান টাইমস। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
শুক্রবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
অভিনেত্রী অঞ্জনা ভৌমিক ব্যক্তিজীবনে টালিউড অভিনেতা যিশু সেনগুপ্তের শাশুড়ি। অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ও জামাই যিশু সকাল থেকেই হাসপাতালে রয়েছেন। সঙ্গে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অরিন্দম শীলসহ টালিউডের অনেকেই হাসপাতালে রয়েছেন।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন অঞ্জনা ভৌমিক। পাঁচ-ছয় মাস ধরে তিনি একপ্রকার শয্যাশায়ী ছিলেন। তার দেখভাল করতেন মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা। মাকে হারিয়ে ভেঙে পড়েছেন দুজনই।
১৯৪৪ সালের ৩০ ডিসেম্বর উত্তরবঙ্গের কোচবিহারে জন্ম হয়েছিল অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের। তার আসল নাম আরতি ভৌমিক, ডাক নাম বাবলি। ‘রৌদ্রছায়া’, ‘চৌরঙ্গী’, ‘কখনো মেঘ’-এর মতো একাধিক চলচ্চিত্রে তার অভিনয় এখনও মনে রেখেছে দর্শক। উত্তম কুমারের সঙ্গে পর্দায় তার রসায়ন দর্শক আজও মনে রেখেছে।