প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১৯ পিএম
কালরাত্রি নাটকের মহড়ায় অভিনয় শিল্পীরা
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘কালরাত্রি’। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সারভাইভার’ গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন তানভীর আহমেদ সিডনী।
রক্তস্নাত লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। ১৯৭১ সালে এই লড়াইয়ে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সব স্বার্থ ভুলে এক কাতারে এসে দাঁড়ায়। মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান ছিল উল্লেখ করার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও আশপাশের এলাকাকে অবলম্বন করে রচিত হয়েছে লামিসা শিরীন হোসাইনের গল্প। এ গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘কালরাত্রি’।
‘কালরাত্রি’ নাটকের কাহিনিতে তুলে ধরা হয়েছে রক্তস্নাত লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্রের অভ্যুদয়ের কথা। ১৯৭১ সালে একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।
অসহযোগ আন্দোলনের পর্ব থেকে তারা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে। মার্চের কালরাতে বেঁচে যাওয়া জগন্নাথ হলের একজন ছাত্র জানায় সেই রাতের বিশ্ববিদ্যালয়ের ভয়াল চিত্র। তার সঙ্গে ছিলেন একজন শিক্ষক। সবাই এসে দাঁড়ায় এক স্থানে। মুক্তিযোদ্ধা ও তার পথপ্রদর্শকের চোখে যে বাংলাদেশ বেঁচে ছিল, এর কথাই বলা হয়েছে এই নাটকে।
অভিনয় করেছেন শাখাওয়াত হোসেন শিমুল, মো. ইমরান খান, ইকরামুল ইসলাম, চমক তারা, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, জবা, ফরহাদ সুমন, শরীফুল ইসলাম, মশিউর রহমান, তন্ময়, কাজী সোহেল, জিতু, শোভন, লিমন, প্রান্ত, নাসের, জেনি, সৈয়দা শামছি আরা সায়কা, নাজমা, শ্রেষ্ঠা প্রমুখ।