× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিনয়ে মুখরিত তানজিকা আমিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪১ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৩ পিএম

তানজিকা আমিন

তানজিকা আমিন

২০০৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হন তানজিকা আমিন। তারপর থেকে শোবিজে কাজ করে চলেছেন। নাটক, সিনেমা, ওয়েব সিরিজÑ তিন মাধ্যমেই তার উপস্থিতি রয়েছে। গড়পরতা কাজের স্রোতে না ভেসে বেছে নিয়েছেন ভালো গল্প ও চরিত্র। কাজের মানের প্রতি মনোযোগী থেকে গুরুত্ব দিয়েছেন টিমকেও। সম্প্রতি বেশ ব্যস্ত হয়ে উঠেছেন অভিনেত্রী তানজিকা আমিন। তাকে নিয়ে লিখেছেন মহিউদ্দিন মাহিÑ

গেল বছরে তানজিকা আমিন আলোচনায় ছিলেন ‌‘মহানগর ২’ দিয়ে। আশফাক নিপুণের পরিচালনায় এই ওয়েব সিরিজে মিতু চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে দাগ কাটেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘ওয়েব সিরিজটি আশফাক নিপুণের ভালো একটি নির্মাণ এবং এর স্ক্রিপ্ট অসম্ভব ভালো ছিল। সবাই প্রশংসা করেছেন এবং জনপ্রিয়তা পেয়েছে। আমার চরিত্রটির প্রশংসা পেয়েছি।’ যে সিরিজ দিয়ে তার সফল প্রত্যাবর্তন সেই সিরিজের নতুন কিস্তির আপডেট কী, দর্শক কবে ‘মহানগর ৩’ পাবে, এমন প্রশ্নে তানজিকা আমিন জানান, বিষয়টা আশফাক নিপুণের ওপর নির্ভর করছে। তবে সিরিজটির পরবর্তী গল্প দেখতে দর্শকের আগ্রহে তিনি আপ্লুত।

এই ওয়েব সিরিজটি ওটিটিতে ব্যস্ততা এনে দিয়েছে তানজিকা আমিনকে। গেল বছর থেকে নিয়মিতই শুটিং করছেন তিনি। শেষ হয়েছে বেশ কিছু কাজ। যেগুলোর মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অভিনেত্রী। তার মধ্যে চলতি মাসেই একটি ওয়েব ফিল্ম রিলিজ হবে। এর নাম ‘অমীমাংসিত’। আইস্ক্রিনের জন্য এটি পরিচালনা করেছেন রায়হান রাফি। গুঞ্জন আছে, ফিল্মটি বহুল আলোচিত সাংবাদিক সাগর-রুনি দম্পতির হত্যাকাণ্ড নিয়ে নির্মিত হয়েছে। বিষয়টি কতটুকু সত্য এমন প্রশ্নে তানজিকা আমিন বলেন, ‘দর্শক যদি সেটা মনে করে থাকে তাহলে সেটাই। এটা কি ছায়া অবলম্বনে নাকি সত্য ঘটনা অবলম্বনে, সেটা দর্শকরা দেখার পরই বলুক। এখানে আমি সাংবাদিক নীলু চরিত্রে অভিনয় করছি। আমার স্বামীর চরিত্রে থাকছেন ইমতিয়াজ বর্ষণ। তার চরিত্রের নাম অর্ণব। পেশায় তিনিও সাংবাদিক।’

মার্চে মুক্তির তালিকায় রয়েছে অভিনেত্রীর আরেক ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। তিন নারীর জীবনে ঘটে যাওয়া গল্পে ক্রাইম থ্রিলার ঘরানার ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন ফরহাদ আহমেদ। দীপ্ত ওটিটি প্লের এই ফিল্মে তানজিকাকে দেখা যাবে একজন অপরাধীর চরিত্রে। এ ছাড়া পরের মাসে মুক্তি পেতে পারে তার আরেক ওয়েব সিরিজ ‘কাল পুরুষ’ পরিচালনা করেছেন সালজার আহমেদ। মাল্টি কাস্টিং এই সিরিজ সৈয়দ শাওকীর তত্ত্বাবধানে মুক্তি পাবে চরকিতে।

নতুন এসব কাজ নিয়ে তানজিকা আমিন বলেন, ‘বেশ কিছু কাজ মুক্তির অপেক্ষায়। আমি মনে করি প্রতিটি কাজ দর্শকের ভালো লাগবে। এগুলোতে ভিন্ন ভিন্ন আমেজের গল্প ও চরিত্র পেয়েছি। মেধাবী নির্মাতা ও টিমের সঙ্গে কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘প্রায় প্রতিদিনই নতুন নতুন কাজের প্রস্তাব আসছে, মিটিং করছি। সেটা ওটিটি নিয়ে, আবার সিনেমা নিয়েও। এখন পর্যন্ত বলতে পারি, সারাক্ষণ দর্শকের সামনেই থাকব।’

তানজিকা আমিনের পর্দায় হাতেখড়ি হয় দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বকুল ফুলের মালা’ সিনেমা দিয়ে। তার বিপরীতে ছিলেন নায়ক রিয়াজ। এরপর নাটকে অভিনয় করলেও দীর্ঘদিন তাকে দেখা যায়নি সিনেমায়। দীর্ঘ বিরতির পর তাকে পাওয়া যায় ‘গহীনে গান’ সিনেমায়। গুঞ্জন ছড়িয়েছে রায়হান রাফির ‘তুফান’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। তবে বিষয়টি নাকচ করে দেন অভিনেত্রী। জানান, ‘তুফান’ নয়, একই পরিচালকের নতুন আরেকটি সিনেমায় দেখা যাবে তাকে। নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে কেন্দ্রীয়, অর্থাৎ নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।

নাটকে আজকাল তেমন একটা দেখা যায় না এই অভিনেত্রীকে। কেন জানতে চাইলে তিনি বলেন, ‘ওটিটি ও সিনেমা ঘিরে এখন ব্যস্ততা বেশি। যার কারণে নাটকে কাজের ইচ্ছে থাকলেও কাজ কম করতে হচ্ছে। খুব ভালো ভালো গল্পের প্রস্তাব আসে। কিন্তু শিডিউল মেলানো যায় না।’

এদিকে অভিনেত্রী জানান, আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। কয়েক দিন ধরে শারীরিকভাবে অসুস্থ। কাজের ব্যস্ততায় নিজেকে সময় দেওয়া হয়নি ঠিকমতো। যার ফলে প্রেশার বেড়েছে। হাই কোলেস্টেরল নিয়ে হাসপাতালে দৌড়াতে হচ্ছে। সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি। সেই সঙ্গে ভক্ত-অনুরাগীদের আমন্ত্রণ জানালেন তারা কাজগুলো উপভোগ করার জন্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা