প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৮ পিএম
অভিনেত্রী ও মডেল শেহতাজ মুনিরা হাশেম। শুক্রবার ৯ ফেব্রুয়ারি ভোর ৬টা ৩০ মিনিটে তার মা শাহীনা খন্দকার শেষ নিশ্বাস ত্যাগ করেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ খবর জানিয়েছেন শেহতাজের স্বামী ও সংগীত পরিচালক প্রীতম হাসান।
ফেসবুকে প্রীতম লিখেছেন, ‘আমার শাশুড়ি আজ ভোর সাড়ে ছয়টায় মারা গেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।’ এ প্রসঙ্গে কথা বলতে প্রীতমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ক্ষুদে বার্তার মাধ্যমে ঢাকা মেইলকে তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই।’
এদিকে শেহতাজের মা হারানোর খবর শুনে প্রীতমের ওই পোস্টে শোক প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেকে। ২০২২ সালে মারা যান শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া। তার প্রায় বছর দুয়েকের মাথায় মাকে হারালেন অভিনেত্রী।