প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৪৬ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২০ পিএম
হাবিব ওয়াহিদ ও ইমরান মাহমুদুল
প্রযোজনা প্রতিষ্ঠান রঙ্গন মিউজিক থেকে জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী, ইমরান, কণা, প্রতীক হাসান, মাহতিম সাকিব, ঝিলিকসহ অনেকের গান প্রকাশ হয়েছে। এবার রঙ্গন মিউজিকে যোগ হলেন জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদ। সঙ্গে আছেন আরেক জনপ্রিয় শিল্পী ইমরান।
আসছে ভালোবাসা দিবসে প্রকাশ হবে তাদের ‘বোকামন’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও। এ গান লিখেছেন রজত ঘোষ। সুর-সংগীত করেছেন ইমরান।
এবারই প্রথম শিষ্য ইমরান মাহমুদুলের সুর-সংগীতে গাইলেন গুরু হাবিব ওয়াহিদ। এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা।
গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘হাবিব ভাই আমার কম্পোজিশনে গাইবেন, এটা তো আমার কাছে স্বপ্নের মতোই। আজ আমি যত বড় হই না কেন, তার কাছে তো ছোট্ট শিশু। ফলে সেই অনুভূতি বা সম্মান নিয়েই কাজটি করার চেষ্টা করছি। অডিও আর ভিডিও মিলিয়ে আশা করছি শ্রোতারা ভালো কিছু পাবে।’