প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৬ পিএম
অক্ষয় কুমার
বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। এবার গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। তার গাওয়া ভক্তিমূলক ‘শম্ভু’ শিরোনামের গানটি ৬ ফেব্রুয়ারি ইউটিউবে মুক্তি পেয়েছে।
‘শম্ভু’ গানের কথা লিখেছেন অভিনব শেখর। অক্ষয় ছাড়াও এ গানে কণ্ঠ দিয়েছেন সুধীর, বিক্রম। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এ গানে মডেল হয়েছেন অক্ষয়। গানের ভিডিওতে শিবের ভক্ত রূপে তাকে নাচতে দেখা যায়। এটি পরিচালনা করেছেন গণেশ আচার্য।
নিজের নতুন পরিচয় নিয়ে অক্ষয় বলেন, ‘‘আমার হৃদয়ের গভীর থেকে এসেছে ‘শম্ভু’ গানটি, যা কেবল জয় শ্রী মহাকাল নামে স্পন্দিত হয়েছে। দীর্ঘদিন ধরে আমি শিব ভক্ত। কিন্তু ইদানীং তার সঙ্গে সংযোগ এবং ভক্তি আরো গভীর হয়েছে। আমি অনুভব করি, তিনিই শক্তি, তিনিই প্রেম, তিনিই সাহায্যকারী, তিনিই রক্ষাকর্তা, তিনিই সবকিছুর শেষ, তার কাছেই আমরা আত্মসমর্পন করতে চাই। নিজের নতুন পরচিয়ে দর্শকদের কাছ থেকেও বেশ ভালো সাড়া পাচ্ছি।’’
২০২৩ সালে অক্ষয় কুমার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ৮০ কোটি রুপি বাজেটের সিনেমা খরচের চার ভাগের এক ভাগ ঘরে তুলতে সক্ষম হয়। এ ছাড়া ‘মিশন রানিগঞ্জ’ সিনেমাও মুখ থুবড়ে পড়ে। তবে ‘ওএমজি টু’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে দীর্ঘদিনের খরা কাটান এই অভিনেতা। ৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ২২১ কোটি রুপির বেশি।