বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ০১:১৪ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২২ ১২:৩৮ পিএম
জনপ্রিয় নায়ক নিরব হোসেন। যুক্ত হয়েছেন সরকারি অনুদানের নতুন সিনেমায়। নাম ‘জয় বাংলা ধ্বনি'।
ছবিটিতে নায়িকা হিসেবে সুনেরাহ বিনতে কামালকে চুক্তিবদ্ধ করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই অভিনেত্রী থাকছেন না। তার পরিবর্তে এ ছবিতে নিরবের সঙ্গে জুটি বাঁধবেন রোকাইয়া জাহান চমক।
এ তথ্য নিশ্চিত করলেন নিরব। তিনি বলেন, ‘ছবির গল্প ও চরিত্রের সঙ্গে মানানসই রোকাইয়া জাহান চমক। তিনি বেশ ভালো অভিনয় করে সবার মনে জায়গা নিয়েছেন। আশা করি তার সঙ্গে সিনেমার অভিজ্ঞতা খুবই ভালো হবে।’
চমক বলেন, ‘একটি ভালো গল্প ও চরিত্রই আমাকে এ সিনেমায় কাজ করতে উৎসাহ জুগিয়েছে। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ভিন্নধারার একটি চলচ্চিত্র হবে জয় বাংলা ধ্বনি। আশা রাখি দর্শকের মুগ্ধতা পাওয়ার মতো কাজ করতে পারব।’
ছবিতে নিরবকে দেখা যাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন এক চরিত্রে। পাশাপাশি সাম্প্রতিক সময়ের একটি চরিত্রেও হাজির হবেন তিনি।
নিরব বলেন, ‘এ ছবিটিতে কাজ করার অনেক কারণ আছে। তার মধ্যে প্রথমটি হলো এর গল্প। তারপর আমার দুটি চরিত্র। যেগুলোয় অভিনয় করতে মুখিয়ে আছি আমি।’
পাশাপাশি কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর এ ছবিতে শান্তি কমিটির নেতার চরিত্রে অভিনয় করবেন।
খ ম খুরশীদ পরিচালিত এ ছবির কাহিনি লিখেছেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা শাজাহান খান, এমপি।
১ নভেম্বর জয় বাংলা ধ্বনির শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।