প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫২ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১১ পিএম
আপাতত তুফান সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটছে আলোচিত নির্মাতা রায়হান রাফির। তবে তার ফাঁকে নতুন আরও কাজ গুছিয়ে নিচ্ছেন তিনি। তুফানের পর তিনি নির্মাণ করবেন আরেকটি সিনেমা। যার চিত্রনাট্য তৈরি হচ্ছে। এদিকে সিনেমাপাড়ায় শোরগোল—রাফির নতুন সেই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী তানজিকা আমিনকে।
ক্যারিয়ারে সুসময় পার করছেন তানজিকা আমিন। গেল বছর ‘মহানগর ২’ সিরিজ দিয়ে নতুন করে প্রত্যাবর্তন ঘটে বিরতিতে যাওয়া এই জনপ্রিয় অভিনেত্রীর। এরপর একাধারে বেশ ব্যস্ত সময় পার করছেন ওটিটিতে। বলা যায়, দম ফেলার ফুরসত পাচ্ছেন না।
চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এটি নির্মিত হয়েছে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে। পরিচালনা করেছেন রায়হান রাফি। এতে তানজিকার বিপরীতে দেখা যাবে অভিনেতা ইমতিয়াজ বর্ষণকে।
অমীমাংসিত সিনেমা দিয়েই তানজিকার অভিনয় ও কাজের প্রতি মুগ্ধতা শুরু পরিচালক রাফির। তাই ওয়েব ফিল্মের পর নিজের সিনেমায়ও অভিনেত্রীকে ভাবছেন তিনি।
তানজিকা আমিন এ প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, ‘অনেকেই তুফান সিনেমার সঙ্গে আমার নাম জুড়ে দিচ্ছেন। কিন্তু আমি এ সিনেমাটি করছি না। রাফির সঙ্গে আমার অন্য একটি সিনেমা নিয়ে সবকিছু চূড়ান্ত হয়েছে। মার্চে তার শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখনও যেহেতু তুফান সিনেমার শুটিং শেষ হয়নি তাই আমাদের সিনেমার শুটিং সম্ভবত জুলাইয়ে শুরু হতে পারে।’
নতুন এ সিনেমায় তানজিকার নায়ক কে থাকছেন—এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, ‘নায়ক এখনও চূড়ান্ত হয়নি। তবে চমক থাকছে।’
শাকিব খানকে নিয়ে তুফান নির্মাণ শেষ করেই নতুন সিনেমার বিষয়ে আনুষ্ঠানিক মুখ খুলবেন রায়হান রাফি।