প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৭ পিএম
‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী আজীবন সম্মাননা’ পেয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত অনুষ্ঠানে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ সম্মাননা প্রদান করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু আমানুল হক।
এ ছাড়াও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক এবং সাধারণ সম্পাদক সাজু আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজিত অনুষ্ঠানে আলোচনা পর্বে উপস্থিত গুনীজনরা লিয়াকত আলী লাকীর বহুমুখী সাংস্কৃতিক কর্মকান্ডের প্রসংশা করে বলেন, শিল্পের প্রতিটি শাখায় তার অবাধ বিচরণ এবং উৎকর্ষ সাধনে তিনি অনন্য সাধারণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের সকল শিল্পের শিল্পীদের অধিকার প্রতিষ্ঠায় তিনি গণজাগরণের শিল্প আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন।
তারা আরো বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বর্তমান সাংস্কৃতিক গণজাগরণ তৈরীতে অনন্য ভূমিকা পালন করে চলেছেন লিয়াকত আলী লাকী। বাংলাদেশ শিল্পকলা একাডেমিকেও অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তিনি।
এরপর অতিথিরা লিয়াকত আলী লাকীকে উত্তরীয় পরিয়ে নৃত্যাচার্য বুলবুল আজীবন সম্মাননা স্মারক প্রদান করেন।
নৃত্যাচার্য বুলবুল চৌধুরী কালজয়ী এক নৃত্যশিল্পী। বাংলাদেশের নৃত্য জগতের পথিকৃৎ তিনি। তার ১০৫তম জন্মদিনকে ঘিরে ৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর সংস্কৃতি-ভাবনা শীর্ষক বুলবুল চৌধুরী স্মারক বক্তৃতা এবং বুলবুল আজীবন সম্মাননা স্মারক প্রদানের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান। সালাম বাংলাদেশ, জয়ও তব বিচিত্র আনন্দ, মেঘের ডমরু, পৌষ তোদের ডাক দিয়েছে, লিলাবালী লিলাবালী, শ্যামকে আনো দেখি, সৃজন ছন্দেসহ মনোজ্ঞ নৃত্য পরিবেশিত হয়। এ ছাড়াও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ‘বীরপুরুষ’ অবলম্বনে একটি পরিবেশনা নিয়ে আসে বাংলাদেশ শিল্পকলা এবকাডেমির শিশু নৃত্যদল।