প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪ ১৭:১১ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪ ১৭:৪৮ পিএম
নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এর মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছে ‘কেজিএফ’ তারকা যশ। বেশ কয়েক মাস ধরেই চর্চা চলছে যশের চরিত্র নিয়ে। শোনা গেছে, রাবণের চরিত্রে দেখা যাবে তারকাকে। রাবণের চরিত্রে অভিনয় করবেন, না কি করবেন না- এই নিয়ে দোটানায় ছিলেন এক সময়। শেষমেশ রাজি হয়েছেন তিনি। রামায়ণে দেখা যাবে তার অভিনয়।
এদিকে জোর গুঞ্জন ছড়িয়েছে, শাহরুখ খানের সঙ্গে নাকি জুটি বাঁধতে চলেছেন এই দক্ষিণী তারকা। রেড চিলিজ় এন্টারটেইনমেন্টের সঙ্গে কথাও হয়েছে সিনেমার ব্যাপারে। তবে কিছু বিষয়ের জন্য চূড়ান্ত হচ্ছে না দুই তারকার এক সিনেমায় কাজ করা।
গত বছর হ্যাটট্রিক করেছেন শাহরুখ। একই বছর পর পর তিনটি ছবি মুক্তি পায় তার। যার মধ্যে ‘পাঠান’ ও ‘জওয়ান’ বক্স অফিসে নতুন নজির সৃষ্টি করেছে। এ বার প্রস্তুতি নতুন কাজের। সেই কারণে যশের সঙ্গে বার কয়েক কথাও হয়েছে অভিনেতার প্রযোজনা সংস্থার। তবে চিত্রনাট্যের কারণেই কথা এগুচ্ছে না।
ঘনিষ্ঠ সূত্রের খবর, দুই তারকাই একসঙ্গে কাজ করার জন্য উৎসাহিত। তবে তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে অনুরাগীদের হতাশ করতে চান না তারা। সঠিক চিত্রনাট্য ও গল্প চান। ভেবেচিন্তে পা ফেলতে চান দুজনেই।
বলিউডে যশের প্রথম ছবি রামায়ণ হলে তার দ্বিতীয় ছবি হতে পারে রেড চিলিজের প্রজেক্টটিই। শাহরুখ ও যশকে একফ্রেমে পেলে ভারতের সিনেমায় আলোচনার সুনামি বইবে সেটা অনুমান করাই যায়।