প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৩:৫৫ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪ ১৩:৫৯ পিএম
হলিউড অভিনেতা দেব প্যাটেল। অভিনয়ের পর এবার পরিচালনায় হাতেখড়ি হতে যাচ্ছে তার। মাঙ্কি ম্যান সিনেমা দিয়ে নতুন পরিচয়ে আসছেন তিনি। আর সেই সিনেমারই ট্রেলার এলো প্রকাশ্যে। হনুমানের গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে বানানো হয়েছে সিনেমাটি। ট্রেলারে উঠে এসেছে প্রতিশোধ ও হিংসাত্মক দৃশ্য।
মাঙ্কি ম্যান ছবিতে পরিচালনার পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনয় করতেও দেখা যাবে দেব প্যাটেলকে। তার চরিত্রের নাম কিড। সিনেমায় কিড চরিত্রটিকে একটি পরিচয়হীন যুবকের চরিত্র হিসেবে দেখানো হবে, যে কি না একটি আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবের নিয়মিত খেলোয়াড়। সেখানে সে প্রতি রাতে গরিলার মুখোশ পরে জনপ্রিয় ফাইটারদের মুখোমুখি হয়। সবটাই সে করে অর্থের জন্য।
গেল ২৬ জানুয়ারি প্রকাশ্যে আনা হয়েছে এই সিনেমার ট্রেলার। সেখানে উঠে এসেছে দুর্দান্ত কিছু অ্যাকশন দৃশ্য। নৃশংস, উগ্র ও ভয়ংকর রূপে এখানে দেখা যাবে দেব প্যাটেলকে। ৩ মিনিটের ট্রেলারে তারই বার্তা দেওয়া হয়েছে।
সিনেমাটি আগামী ৫ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি দেওয়া হবে। সিনেমাতে দেব প্যাটেল ছাড়া আরও অভিনয় করেছেন শ্যার্লটন কপলি ব্রাহিম আচহাবাখি, সিকেন্দার খের, ভিপিন শর্মা প্রমুখ।