× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিউইয়র্ক টাইমস স্কয়ারে এবারও হবে বাংলা বর্ষবরণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪ ০০:১৯ এএম

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪ ১০:৩৮ এএম

নিউইয়র্ক টাইমস স্কয়ারে এবারও হবে বাংলা বর্ষবরণ

নিউইয়র্ক টাইমস স্কয়ারে ১৪৩১ বাংলা বর্ষবরণের ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীরা। সাহিত্য-সংস্কৃতিমনা শত আলোকিত মানুষের উপস্থিতিতে ২৪ জানুয়ারি বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের এক রেস্টুরেন্টে সবার পক্ষ থেকে এ ঘোষণা দেন প্রবীণ সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান।

আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ডওয়াইড ঘোষণা করে নিউইয়র্কের টাইমস স্কয়ার এবং জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ১৩ ও ১৪ এপ্রিল শতাধিক কন্ঠে বরণ করে নেওয়া হবে বাংলা নতুন বছরকে। ঘোষণার পর হয়েছে গানের মহড়া।

এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের সভাপতি বিশ্বজিৎ সাহার সভাপতিত্বে ঘোষণা অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ‍্যাপক হোসাইন কবির, অভিনেত্রী লুৎফুন নাহার লতা, শত কণ্ঠের মহড়া পরিচালক মহীতোষ তালুকদার তাপস, প্রজন্ম ’৭১ যুক্তরাষ্ট্রের সভাপতি শিবলী ছাদেক ও আয়োজক সংগঠনের সহসাধারণ সম্পাদক তানভীর কায়সার।

অনুষ্ঠানে বর্ষবরণ ঘোষণা করার সময় সাপ্তাহিক ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান বলেন, ‘নিউইয়র্কের টাইমস স্কয়ার এবং জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ১৩-১৪ এপ্রিল শতাধিক কণ্ঠে বরণ করে নেওয়া হবে ১৪৩১ বঙ্গাব্দকে। মঙ্গল শোভাযাত্রা, চিরায়ত বাংলার সংস্কৃতি পরিবেশনা ও বৈশাখী মেলায় উপস্থিত থাকবেন দুই বাংলার জনপ্রিয় শিল্পীরা।’

বাঙালির ইতিহাসে প্রথমবারের মতো নিউইয়র্কের টাইমস স্কয়ারে বাংলা বর্ষবরণ আয়োজন করা সংগঠন এনআরবি ওয়ার্ল্ডওয়াইড। ১৪৩০ বঙ্গাব্দ বরণের শত কণ্ঠের নেতৃত্ব দিয়েছিলেন মহীতোষ তালুকদার তাপস। এবারও তিনি থাকছেন পরিচালনায়। মহড়া শুরুর প্রাক্কালে তিনি বলেন, ‘নিউইয়র্ক টাইমস স্কয়ারের পাদদেশে ১৪৩০ বাংলা বর্ষবরণের অনুষ্ঠানটি আমাকে বিশ্ববাঙালির কাছে পরিচিত করিয়ে দিয়েছে। এজন্য আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের প্রতি অশেষ কৃতজ্ঞতা। এবার আমরা আশা করছি গত বছরকে ছাড়িয়ে যাব।’

অনুষ্ঠানে প্রখ্যাত অভিনেত্রী লুৎফুন নাহার লতা বলেন, ‘বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে থেকেও অভিবাসীরা হৃদয়ে ধারণ ও লালন করেন বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশ। নিউইয়র্কে প্রচণ্ড ঠান্ডা ও বৃষ্টি উপেক্ষা করে শত শিল্পীর উপস্থিতি প্রমাণ করে এখানে যারা এসেছেন তারা প্রত্যেকে প্রকৃত সংস্কৃতিকর্মী। তাদের হাত ধরেই বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী।’

এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের সভাপতি বিশ্বজিৎ সাহা বলেন, ‘এবার তিন স্তরবিশিষ্ট অংশগ্রহণকারী নিশ্চিত করার পরিকল্পনা করছি আমরা। অংশগ্রহণকারীদের সঙ্গে যুক্ত হবে পরিবারের শিশু ও কিশোর-কিশোরীরা। নিজেদের পরিবারে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার বিকল্প নেই। এবার নিউইয়র্কের টাইমস স্কয়ারকে সাজানো হবে রমনার বটমূলের আদলে।’

এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের সাধারণ সম্পাদক তোফাজ্জল লিটন বলেন, ‘গত বছরের ঐতিহাসিক বর্ষবরণ বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করেছে। এবার আমরা প্রত্যাশা করছি যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে বসবাসরত বাঙালি অভিবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার। ইতোমধ্যে ২৫টি অঙ্গরাজ্য বর্ষবরণ অনুষ্ঠানে যুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। বাঙালি সংস্কৃতিপ্রেমী অভিবাসীরা শত কণ্ঠের এ আয়োজনকে সহস্র কণ্ঠে নিয়ে যাবেনÑ সেই প্রত্যাশা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা