ঢাকা চলচ্চিত্র উৎসব
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৩:৪৪ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৩:৪৮ পিএম
সিনেমাপ্রেমীদের জন্য ২০ জানুয়ারি শুরু হওয়া ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজও থাকছে পাঁচটি সিনেমা। এবারের উৎসবে ১০টি বিভাগে বাংলাদেশসহ ৭১ দেশের ২৫২টি চলচ্চিত্র দেখানো হবে। এর মধ্যে প্রথম দুই দিন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সাতটি সিনেমা প্রদর্শিত হয়েছে। আজ চতুর্থ দিন আরও পাঁচটি সিনেমা দেখানো হবে।
২৩ জানুয়ারি সকাল ১০টা ৩০ মিনিটে দেখানো হবে কাজাখস্তানের নির্মাতা আসকার উজাবায়েভের ‘হ্যাপিনেস’ সিনেমা। দুপুর ১টায় দেখানো হবে চীনা নির্মাতা কিও সিক্সিওর ‘দ্য কর্ড অব লাইফ’ সিনেমা। বিকাল ৩টায় মার্কিন নির্মাতার ‘ব্লুরে ডেয়েস’। বিকাল ৫টায় পাকিস্তানি নির্মাতা জামিলা হ্লাস্টের ‘আই অ্যাম সাম বডি’ ও সন্ধ্যা ৭টায় বাংলাদেশি নির্মাতা লিসা গাজীর ‘এ হাউস নেমড সাহানা’ দেখানো হবে। দর্শকের জন্য প্রতিটি সিনেমা বিনামূল্যে প্রদর্শিত হবে।
অন্যদিকে উৎসবে এবার সবার আকর্ষণ থাকবে মাস্টার ক্লাসে। কারণ মাস্টার ক্লাস নেবেন ইরানি সিনেমার অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব ‘চিলড্রেন অব হ্যাভেন’, ‘বারান’, ‘সং অব স্প্যারো’র মতো বিশ্বনন্দিত ছবির পরিচালক মাজিদ মাজিদি। এ ছাড়া মাস্টার ক্লাসের দুটি ভিন্ন সেশনে কথা বলবেন চীনের সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ার শি চুয়ান এবং ভারতের নির্মাতা, অভিনেতা ও গায়ক অঞ্জন দত্ত। মাস্টার ক্লাস ২৭ জানুয়ারি। মাস্টার ক্লাসের সেশনগুলো পরিচালনা করবেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। ক্লাস শেষে পরিবেশিত হবে অঞ্জন দত্তের সংগীত।
উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার, ইরানি চলচ্চিত্র পরিচালক মাজিদ মাজিদি ও ভারতীয় অভিনয়শিল্পী শর্মিলা ঠাকুর। ২৮ জানুয়ারি এ উৎসবের পর্দা নামবে।