প্রবা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৩:১২ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৩:২৫ পিএম
ফরাসি চলচ্চিত্রের প্রতিনিধি হিসেবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসেছেন নয়ন এনকে (নয়ন খিয়াং)। তিনি ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি।
তার সিনেমার নাম ‘ভয়াজ অঁ-থেত এথনঁজেখ’। ফরাসি নির্মাতা আন্তনিও আমারাল পরিচালিত ও ইমাজ ফনতুম প্রযোজিত এটি একটি সায়েন্স ফিকশন চলচ্চিত্র। ১১৪ মিনিট দৈর্ঘ্য এ চলচ্চিত্রের চিত্রায়ণ করা হয়েছে ফ্রান্সের বিভিন্ন লোকেশনে। চিত্রনাট্য লিখেছেন আনা ও কারলিন।
অভিবাসীদের জীবনযাপন ঘিরে আবর্তিত ফরাসি চলচ্চিত্রে দেখা যায় ২১ দিন সময় নিয়ে জিল, সালি, আদামো নামে তিনজন লোক ভিনগ্রহ থেকে পৃথিবীতে আসেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
পৃথিবীতে এসে একজন প্রবেশ করে ফ্রান্সে আশ্রয়প্রার্থী অনিয়মিত আফ্রিকার একজন পুরুষের শরীরে। যে কাগজহীন থাকার কারণে নানান দুর্ভোগ, দুর্দশা আর উদ্বেগ, উৎকণ্ঠা নিয়ে দিনাতিপাত করছেন। অন্যজন প্রবেশ করে ফরাসি একজন অফিসারের ভেতরে। ঐ ফরাসি অফিসার দাম্পত্য জীবনে সম্পর্কের টানাপড়েন নিয়ে জীবনযাপন করছেন। তাদের ঘরে রয়েছে ছোট একটি সন্তান। অন্যজন প্রবেশ করে ফ্রান্সে বৈধভাবে বসবাসকারী এক আফ্রিকান নারীর শরীরে।
পৃথিবীতে আসার আগে তাদের অন্যতম শর্ত দেওয়া হয়, তারা যদি একসঙ্গে ২১ দিনের মধ্যে আবার ফিরে যেতে চায়, তাহলে তিনজনকেই সম্মত হয়ে তিনটি (তাদের কাছে থাকা) পাথর মাটিতে স্পর্শ করতে হবে, তবেই তারা একসঙ্গে ২১ দিনের মধ্যেই ফিরে যেতে পারবে। তা না হলে ২১ দিন পরে যে যখন খুশি ইচ্ছামতো চলে যেতে পারবে। তাদের অন্যতম স্বাধীনতা ছিল তারা যেকোনো সময় যে কারও শরীরে প্রবেশ করতে পারবে। এভাবেই বিভিন্ন ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে চলে গল্পের নানান দিক। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন জুলিয়া, এলিজাবেথ বাকি, মোহাম্মদ আমিন।
তার ছবিটি ইতোমধ্যে বিশ্বের প্রায় ৩৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে ১৩টি পুরস্কার অর্জন করেছে।
নয়ন এনকে বলেন, ‘নিজের পিতৃভূমিতে নিজের নির্মাণ করা সিনেমা নিয়ে এসেছি। এটা দারুণ এক অনুভূতি আমার জন্য। আমি সবাইকে আমন্ত্রণ জানাই সিনেমাটি দেখার জন্য। তাদের সঙ্গে অনুভূতি শেয়ার করার অপেক্ষায় আছি আমি।’
ফরাসি মূলধারার এ চলচ্চিত্র ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে আজ বেলা ৩টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল অডিটোরিয়ামে। এ ছবির প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।