ঢাকা চলচ্চিত্র উৎসব
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ১২:০১ পিএম
চলছে দ্বাবিংশতম
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৯ দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশসহ ৭৪ দেশের ২৫০টি
চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য ও
স্বাধীন চলচ্চিত্র ১২৩টি এবং বাংলাদেশের চলচ্চিত্র রয়েছে ৭১টি।
রেইনবো চলচ্চিত্র
সংসদের উদ্যোগে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’- স্লোগান সামনে রেখে এবারের
উৎসবের প্রথম দিন প্রদর্শিত হয় ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম নির্মিত ও জয়া আহসান
অভিনীত ‘ফেরেশতে’ এবং বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত
ও শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’।
দ্বিতীয় দিন ২১
জানুয়ারি উৎসবে দেখানো হবে পাঁচটি সিনেমা। সকাল ১০টা ৩০ মিনিটে দেখানো হবে থ্যাইল্যান্ডের
নির্মাতা প্রিয়াক্রান বুটপ্রাস্টের লং লিভ লাভ। দুপুর ১টায় দেখানো হবে আর্মেনিয়ার নির্মাতা
আর্সেন আর্ক্লেনের টেলস আর এরাউন্ড। বেলা ৩টায় দেখানো হবে ইরানের নির্মাতার আলী ভার্সেস
আলী সিনেমা। সন্ধ্যায় দেখানো হবে বাংলাদেশি নির্মাতা ইফাত জাহানের মুন্তাসির সিনেমা
ও সবশেষ রাতে দেখানো হবে কানাডিয়ান নির্মাতা লিফ ব্যারিস্টোর ড্যান্সিং থ্রো দ্য শ্যাডো
সিনেমাটি।
উৎসবে চলচ্চিত্র
প্রদর্শনীর স্থানসমূহ- জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব মিলনায়তন ও
কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন,
আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তন।
এসব মিলনায়তনের
সব প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। তবে উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানটি
উপভোগ করবেন কেবল আমন্ত্রিত অতিথিরা।
উৎসবে সহযোগিতা
করছে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র
মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকাস্থ চীনা দূতাবাস ও সামিট গ্রুপ।