পদাতিকের ৪৭ বছর
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪ ০০:২৮ এএম
পদাতিক নাট্য সংসদের ৪৭ বছরে পদার্পণ উপলক্ষে আজ রোববার সন্ধ্যা ৭টায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দলটির ৪১তম প্রযোজনা ‘গুনজান বিবির পালা’ মঞ্চায়িত হবে। এ ছাড়াও এদিন বিকাল ৪টা থেকে এক্সপেরিমেন্টাল থিয়েটার-সংলগ্ন লবিতে নৃত্য, আবৃত্তি, মূকাভিনয়, নাটকের গান, নাটকের অংশবিশেষ পরিবেশনার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে।
‘গুনজান বিবির পালা’ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। এতে অভিনয় করেছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, শামছি আরা সায়েকা, আমানুজ্জামান, নুরুন্নাহার পাপিয়া, শাখাওয়াত হোসেন শিমুল, জয়, ইকরাম, সালমান শুভ, ফরহাদ সুমন, আবু নাসেম লিমন, মো. ইমরান খান, শরীফুল ইসলাম, জিতু, পলাশ, জিয়া, জেনি, মৃত্তিকা, নাজমা ও শ্রেষ্ঠা।
নাটকটিতে পালা ছাড়াও কাওয়ালি, পুঁথিসহ অনেক লোকজ দিক তুলে ধরা হয়েছে।
১৯৭৮ সালের ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পদাতিক নাট্য সংসদ প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছরই অনুষ্ঠানের আয়োজন করে দলটি।