× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক দিনে মুক্তি তিন সিনেমা

হলে এগিয়ে কলকাতার হুব্বা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪ ১৩:৫৬ পিএম

হলে এগিয়ে কলকাতার হুব্বা

দেশের প্রেক্ষাগৃহে সবশেষ ডিসেম্বর মাসের ৭ তারিখ মুক্তি পায় বলিউড সিনেমা অ্যানিমেল। এরপর এক মাস পার হয়ে গেলেও দেশি-বিদেশি কোনো নতুন সিনেমা মুক্তি পায়নি। অবশেষে বছরের তৃতীয় সপ্তাহে এসে সেই বিরতি কাটছে। তবে এক সপ্তাহে দুই সিনেমা মুক্তির যে নিয়ম সেটাকে ভেঙে বিতর্ক মাথায় নিয়েই আজ থেকে দেশের প্রেক্ষাগৃহে তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে।

সে তালিকায় আছে দেশের ‘শেষ বাজি’ ও ‘কাগজের বউ’ এবং সাফটা চুক্তিতে আমদানি হওয়া কলকাতার ‘হুব্বা’।

প্রযোজক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী, ঈদ ছাড়া একই সপ্তাহে দুটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই। তাই আজ তিন সিনেমার মুক্তির মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে মেনে চলা সেই নিয়ম রক্ষা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা বলেন প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু। তিনি সিনেমাসংশ্লিষ্ট সব সংগঠনের মোর্চা সম্মিলিত চলচ্চিত্র পরিষদেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য। যাদের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতেই গত বছর দেশে পাঁচটি শর্ত মেনে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে সরকার। খসরু বলেন, ‘‘হলে নতুন সিনেমা মুক্তি পেলে আমরাও আনন্দিত হই। তবে একই দিনে দুটির অধিক সিনেমা ও বিদেশি সিনেমা মুক্তি পেলে দেশের সিনেমা ক্ষতিগ্রস্ত হয়। এমন জটিল অবস্থা হচ্ছে কয়েক মাস ধরেই। আবারও তেমনই একটি পরিস্থিতির মুখোমুখি আমরা। দেশি সিনেমা ‘কাগজের বউ’ ও ‘শেষ বাজি’র সঙ্গে কলকাতার ‘হুব্বা’ একই দিনে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বিষয়টি দেশি নতুন সিনেমার জন্য ক্ষতি হয়েছে বলে আমি মনে করি। এর কারণ ‘হুব্বা’ হল পেয়েছে বেশি। যেখানে আমাদের দেশে হলসংখ্যা ১০০টিরও নিচে সেখানে তিন ভাগের দুই ভাগ হল ‘হুব্বা’ই নিয়ে গেছে। বিষয়টি নিয়ে অভিযোগ এলেও আমাদের তেমন কিছু করার নেই। কারণ সাফটা চুক্তির অধীনে কোনো বিদেশি সিনেমা দেশে সেন্সর পেয়ে গেলে তার মুক্তিতে আমরা বাধা দিতে পারি না।’’

‘তবে যারা সিনেমাগুলো আমদানি করে তাদের উচিত দেশের নতুন সিনেমা মুক্তির বিষয়টি মাথায় রেখে বিদেশি সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা। দেশের সিনেমার প্রতি দায়বোধ দেখালেই আর এই সমস্যা হবে না বলে আমি মনে করি।’

দেশের ‘কাগজের বউ’ সিনেমাটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘তিনটি সিনেমার মুক্তি নিয়ে চলচ্চিত্র অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। বিতর্কটা হওয়ার কথা ছিল না। সবার আগে নিজের দেশে দেশের সিনেমা। কিন্তু বারবার দেখা যাচ্ছে বিষয়টি অনেকেই ভুলে যান বা এড়িয়ে চলেন। আলোচনা হয়েছে যেÑ আমার সিনেমাটি নাকি পিছিয়ে যাবে। কিন্তু তার তো কোনো কারণ নেই। আমি অনেক আগে থেকেই তারিখ চূড়ান্ত করেছি। পেছানোর প্রশ্নই আসে না। আমি বিশ্বাস করি, সিনেমার মেরিট থাকলে সেটা দর্শক টানবেই।’

‘শেষ বাজি’ সিনেমার পরিচালক মেহেদি হাসান বলেন, ‘‘আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। দুই সপ্তাহ ধরে নতুন বছরে কোনো নতুন সিনেমা নেই। হুট করেই এক সপ্তাহে তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে। দেশে হলের সংখ্যাও কম। আমরা পরিচালক সমিতি ও প্রযোজক সমিতিতে ‘হুব্বা’ সিনেমা মুক্তির বিষয়ে অভিযোগ করেছিলাম। তাদের জানিয়েছিলাম সিনেমাটি যেন এক সপ্তাহ পরে মুক্তির ব্যবস্থা করা হয়। তারাও বিষয়টি বিবেচনায় নিয়েছিল। কিন্তু সেন্সর বোর্ড ছবিটিকে সেন্সর দিয়েছে গতকাল বৃহস্পতিবার। সেন্সর হয়ে গেলে যেকোনো সিনেমা যেকোনো সময় মুক্তির সুযোগ নিয়েছে ‘হুব্বা’। তবে আমরাও পিছিয়ে যাইনি। তিন মাস আগেই আমরা ১৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছি। সেই সিদ্ধান্তেই অটল রয়েছি। আশা করছি, দেশের দর্শকরা দেশি সিনেমার পাশে থাকবে।’’

প্রযোজক সমিতির নিয়ম ভেঙে দেশি দুই সিনেমার সঙ্গে বিদেশি সিনেমার মুক্তির ঘটনায় হতাশা প্রকাশ করেন ‌‘শেষ বাজি’ সিনেমার চিত্রনায়ক সাইমন সাদিকও। তিনি বলেন, ‘এমনটা আসলে কাম্য নয়। আমরা মিলেমিশে একসঙ্গে চলতে চাই।’

তবে ‘হুব্বা’র আমদানিকারক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘‘আমরা অনেক দিন ধরেই সিনেমাটির প্রচার করছি। সবাই সেটা জানেন। আমি জানতাম যে দেশের আরও দুটি সিনেমা এই সপ্তাহে মুক্তির তালিকায় ছিল। আমরা ‘হুব্বা’ মুক্তি দিচ্ছি কলকাতার মুক্তির সঙ্গে মিলিয়ে। তাই আমাদের পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।’’

‘শেষ বাজি’ সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন পারভেজ সুমন। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সায়মন সাদিক। এ ছাড়া বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শিরিন শিলা, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সিলভি, সাবেরী আলম প্রমুখ। দেশের ১৭টি সিনেমা হলে এটি মুক্তি পেয়েছে। সে তালিকায় আছে লায়ন (কেরানীগঞ্জ), বিজিবি (সিলেট), সংগীতা (খুলনা), নিউ গুলশান সিনেমা হল (জিঞ্জিরা), ছন্দা (হাসনাবাদ), লাবনী (সাতক্ষীরা), সিনেমাপ্যালেস (চট্টগ্রাম), মোহন (হবিগঞ্জ), আজাদ (ঢাকা), চিত্রালী (খুলনা), মধুমতি (ভৈরব), পৃথিবী হল (জয়পুরহাট), পুরবী (ময়মনসিংহ), অবকাশ (ফুলবাড়ী), বনলতা (ফরিদপুর) চলন্তিকা (গোলাপদী)।

এদিকে নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘কাগজের বউ’ সিনেমাটি ১০টি হলে মুক্তি পেয়েছে। তার মধ্যে স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় সিনেমাটির চারটি শো চলবে। তুলনামূলক কম হল পাওয়া নিয়ে নির্মাতা চয়নিকা বলেন, ‘আমাদের হলের সংখ্যা ও সিনেপ্লেক্সগুলোতে শোয়ের সংখ্যা আরও বৃদ্ধি হওয়ার কথা ছিল। কিন্ত শেষ মুহূর্তে অধিক সিনেমা মুক্তির কারণে কমে যায়। তবে আমরা আশাবাদী, আগামী সপ্তাহে আমার সিনেমার গল্প আরও দর্শক টানবে এবং হলের সংখ্যাও বৃদ্ধি পাবে।’

তবে এ সপ্তাহে সর্বোচ্চ হল পেয়েছে কলকাতার সিনেমা ‘হুব্বা’। দেশের ৬৩টি সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছে বলে নিশ্চিত করেছেন আব্দুল আজিজ। এতে মোশাররফ করিম অভিনয় করেছেন নাম ভূমিকায়। কলকাতার ব্রাত্য বসু পরিচালিত সিনেমাটিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে ওপার বাংলার ইন্দ্রনীল সেনগুপ্তকে। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা