প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪ ১০:০৬ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪ ১০:৩৩ এএম
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী শাম্মী আক্তার। ২০১৮ সালের ১৬ জানুয়ারি রাজধানীর চামেলীবাগে নিজ বাসায় তিনি মারা যান। ঢাকার শাহজাহানপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। শাম্মী আক্তারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।
‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ কিংবা ‘আমি তোমার বধূ তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে জানি’ অথবা ‘মনে বড় আশা ছিল তোমাকে শুনাব গান’ তুমুল জনপ্রিয় এসব গান গেয়ে আজও শ্রোতাদের মনে স্থান করে রেখেছেন তিনি।
‘শাম্মী’ নামে পরিচিত হলেও তার আসল নাম শামীমা আক্তার। শামীমাকেই আদর করে সবাই ডাকতেন শাম্মী বলে। পরে এ নামেই তিনি শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পান। শাম্মী আক্তার ১৯৫৫ সালের ২২ সেপ্টেম্বর যশোরের তালতলা গ্রামে নানাবাড়ি জন্মগ্রহণ করেন; তবে বেড়ে ওঠেন খুলনায়। বাবার বদলির কারণে দেশের কয়েকটি জেলায় বিভিন্ন শিক্ষকের কাছে সংগীতের তালিম নেওয়ার সুযোগ পান তিনি।
আজিজুর রহমান পরিচালিত ‘অশিক্ষিত’ সিনেমায় গান গাওয়ার মধ্য দিয়ে প্লে-ব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন শাম্মী। জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমায় টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়ে ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
চলচ্চিত্রের গানে সাফল্য তাকে শ্রোতাদের খুব কাছে নিয়ে যায়। ৩ শতাধিক চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন শাম্মী আক্তার। শাম্মী আক্তার ১৯৭৭ সালে ঘর বাঁধেন ফোক সংগীতশিল্পী আকরামুল ইসলামের সঙ্গে। তাদের দুই সন্তান কমল ও সাজিয়া।