× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবাই মিলেমিশে সিনেমা শিল্প এগিয়ে নিতে চাই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪ ১৩:৩৮ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪ ১৩:৪৩ পিএম

অভিনেত্রী রোজিনা

অভিনেত্রী রোজিনা

দেশের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। সাদাকালো যুগ থেকেই নিজেকে সিনেমায় নিয়মিত রেখেছেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা। প্রশংসা কুড়িয়েছেন একজন ডায়নামিক অভিনেত্রী হিসেবে। দেশে-বিদেশে অভিনয়ের অনেক স্বীকৃতি তিনি পেয়েছেন। গেল বছর পেয়েছেন রাষ্ট্রীয়ভাবে আজীবন সম্মাননা। একই বছরে তিনি আত্মপ্রকাশ করেছেন চলচ্চিত্র পরিচালক হিসেবেও। নতুন সিনেমা নির্মাণের জন্য প্রস্তুত হচ্ছেন রোজিনা। প্রতিদিনের বাংলাদেশ-এর সঙ্গে একান্ত আলাপচারিতায় জানালেন সেই সিনেমার খবর সাম্প্রতিক ভাবনার কথা। সাক্ষাৎকার নিয়েছেন লিমন আহমেদ।

 

অনেক দিন কোনো নতুন খবরে নেই। কেমন আছেন?

খুব ভালো আছি। সবকিছু মিলিয়ে একটু ব্যস্ততা যাচ্ছে। ব্যক্তিগত কিছু কাজ আছে। সেজন্য নিজেকে সময় দিচ্ছি। পাশাপাশি নতুন সিনেমা নিয়েও কাজ করতে হচ্ছে।

 

নতুন সিনেমা নিয়ে বিস্তারিত জানতে চাইÑ

আমি আরও সময় নিতে চাই বিস্তারিত জানাতে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্য তৈরি হচ্ছে। আমি সময় দর্শক মাথায় রেখে একটি আইডিয়া বাছাই করেছি। সে অনুযায়ী গল্পটা তৈরি হবে। সব শ্রেণির দর্শক যেন এটি উপভোগ করেন। একজন শিল্পী হিসেবে শুধু বিনোদনের দিকটা ভাবলে চলে না, অনেক রকম দায়বদ্ধতাও থাকে। সে বিষয়টিও প্রাধান্য পাবে এবারের সিনেমা নির্মাণের ক্ষেত্রে। তবে এর নাম, শিল্পী তালিকা এখনও চূড়ান্ত হয়নি।

 

শুটিং শুরুর পরিকল্পনা কী?

গল্প তৈরির কাজটি শেষ হোক। তারপর শিল্পী চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে মাঠে নামব। শুটিং কবে থেকে করব তা এখনই বলতে পারছি না। তবে চলতি বছরই সিনেমাটি মুক্তি দিতে চাই। সেভাবেই আমি প্রস্তুত হচ্ছি।

 

আপনার পরিচালনার প্রথম সিনেমা ‌‘ফিরে দেখা’ সরকারি অনুদানের ছিল। এবারেরটিও কি সে রকমই হবে?

সেটা এখনও নিশ্চিত নয়। তবে সিনেমার ধরনে পরিবর্তন থাকবে। ফিরে দেখা ছিল মুক্তিযুদ্ধ, দেশপ্রেম মানব-মানবীর প্রেমের গল্প। আর নতুন ছবিটায় আমি ভিন্ন কিছু বলতে চাই। সামাজিকতা, পরিবার ইত্যাদি। সরকারি অনুদান বা আমার নিজের ব্যক্তি উদ্যোগÑ যে কোনোটাই হতে পারে।

 

নতুন সরকার গঠিত হয়েছে। মন্ত্রণালয়ে এসেছে অনেক পরিবর্তন। সরকারের কাছে সিনেমার একজন অভিজ্ঞ শিল্পী হিসেবে আপনার প্রত্যাশা কী?

দেখুন, সরকার নতুন করে গঠিত হলেও আওয়ামী লীগই ক্ষমতায় আছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই দেশ। আমি ব্যক্তিগতভাবে তার দল নেতৃত্বের ওপর সব সময় আস্থা রেখেছি, রাখি। প্রধানমন্ত্রী সব সময়ই দেশের সিনেমা, শিল্প-সংস্কৃতি নিয়ে ইতিবাচক ছিলেন। আমার বিশ্বাস এবারও তা বহমান থাকবে। তার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত আগ্রহ উদ্যোগেই এ দেশে সিনেমাশিল্পের আনুষ্ঠানিক যাত্রা হয়েছে। আর সিনেমাকে শিল্প হিসেবে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। দলমতনির্বিশেষে শিল্পের মানুষকে তিনি ভালোবাসেন সেই প্রমাণ বারবার আমরা পেয়েছি। ভিন্নমতের শিল্পীদেরও তিনি সম্মান করেন, সহযোগিতা করেন। নন্দিত পরিচালক আমজাদ হোসেনের পাশে থেকে সেই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। এমন আরও অনেক দৃষ্টান্ত আছে। শিল্পচর্চা রাজনীতি তিনি পাশাপাশি রাখেন, কখনও প্রতিদ্বন্দ্বী করেন না। এটা একজন রাষ্ট্রনায়কের অনেক বড় গুণ। তাই আমার প্রত্যাশা সিনেমা সংস্কৃতির জন্য যে মন্ত্রীই আসুন তিনি প্রধানমন্ত্রীর নির্দেশে ভালো ভূমিকা রাখবেন। সবাই মিলেমিশে দেশের সিনেমাশিল্প আরও এগিয়ে নিতে চাই।

 

নায়ক ফেরদৌস সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগেও সংস্কৃতিজগতের অনেকে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। সে অভিজ্ঞতা থেকে ফেরদৌসকে নিয়ে আপনার ভাবনার কথা জানতে চাইÑ

এটা খুবই আনন্দের সংবাদ আমাদের জন্য যে ফেরদৌসকে আমরা প্রতিনিধি হিসেবে সংসদে পাব। এর আগে সংস্কৃতিজগতের অনেকে সংসদ সদস্য হলেও সরাসরি সিনেমার মানুষের মধ্যে নায়ক ফারুক ভাইকে আমরা সংসদে দেখেছি। তবে অসুস্থতার কারণে তাকে আমরা খুব বেশি সময় পাইনি। আমার বিশ্বাস, ফারুক ভাই সুযোগ পেলে সিনেমার জন্য অনেক কিছু করতেন। এবার ফেরদৌসকে নিয়ে আমরা আশায় বুক বাঁধতেই পারি। সে খুব ভালোমানুষ। শিক্ষিত, মার্জিত। একজন সফল অভিনেতা। দুই বাংলায়ই তার গ্রহণযোগ্যতা আছে। তার সঙ্গে আমি কাজ করেছি। সিনিয়রদের প্রতি তার সম্মান, বিনয় মুগ্ধ করে। আমার বিশ্বাস সততা, দেশপ্রেম নিয়ে ফেরদৌস নিজের দায়িত্বে সফল হবে। সিনেমার জন্যও দৃষ্টান্ত হয় এমন কিছু সে করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা