বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১৩:৪৪ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৪:০৮ পিএম
দেখতে দেখতে দুরন্ত টিভি শেষ করল ২০টি মৌসুম। গেল ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে চ্যানেলটির ২১তম মৌসুমের অনুষ্ঠান। এই মৌসুমে নিয়মিত অনুষ্ঠান ও কার্টুন সিরিজের পাশাপাশি ২টি নতুন অনুষ্ঠান, ২টি নাটক ও ১টি নতুন কার্টুন সিরিজ যুক্ত হয়েছে।
নতুন অনুষ্ঠানের মধ্যে আছে ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’ ও ‘দুষ্টু মিষ্টি’ (মৌসুম-২), নতুন দুইটি নাটক ‘দাদুর জাদু’ ও ‘এমিল ও গোয়েন্দা দল’ এবং নতুন কার্টুন সিরিজে যুক্ত হয়েছে ‘দ্য স্মার্ফস’। নিয়মিত কার্টুন সিরিজ ‘টিনেজ মিউট্যান্ট নিনজা টারটলস’, ‘রোলি পোলি ওলি’, ‘নেলা দ্য প্রিন্সেস নাইট’, ‘মার্টিন মর্নিং’, ‘ববি এ্যান্ড বিল’, ‘টপ উইং’, ‘রাসটি রিভেটস’ নতুন মৌসুমে আসছে নতুন চমক নিয়ে। এ ছাড়া থাকছে ‘ভুলোস্টাইন’, ‘বর্ণমালার ঘর’, ‘খাট্টা মিঠা’, ‘দি আর্ট রুম’, ‘মা-বাবাই সেরা’ (মৌসুম-৩), ‘রঙ বেরঙের গল্প’ (মৌসুম-৪), ‘ছুটির দিনে’ (মৌসুম-২)।
‘মজার কাণ্ড তায়কোয়ানদো’
দুরন্ত টিভির পর্দায় এবার দেখা যাবে জনপ্রিয় মার্শাল আর্ট তায়কোয়ানদো। ছোটবেলা থেকেই শিশুরা যাতে আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার অনুপ্রেরণা পায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই দুরন্ত টিভি নির্মাণ করেছে নতুন অনুষ্ঠান ‘মজার কাণ্ড তায়কোয়ানদো’।
৬৫ পর্বের অনুষ্ঠানটির প্রতিটি পর্ব সাজানো হয়েছে ওয়ার্ম আপ, ফিচার, তায়কোয়ানদো কৌশল ও গ্রুপ ওয়ার্ক দিয়ে। ওয়ার্ম আপ অংশে শিশুরা মজার একটি খেলা খেলবে, এতে আনন্দ পাবার সঙ্গে সঙ্গে শিশুদের ওয়ার্ম আপ হয়ে যাবে। অনুষ্ঠানটির মূল অংশে দেখা যাবে একজন প্রশিক্ষক তায়কোয়ানদোর নানা কৌশলের সঙ্গে আত্মরক্ষার সহজ কৌশলগুলো শিশুদের দেখাবেন। প্রশিক্ষকের দেখানো কৌশল শিশুরা অনুশীলন করবে। আবার সুশৃঙ্খল জীবন গঠনের বিষয়টিকে গুরুত্ব দিয়ে অনুষ্ঠানের অপর একটি অংশ ফিচার দিয়ে সাজানো হয়েছে। সবশেষে একটি গানের সঙ্গে দলীয় নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে।
‘মজার কাণ্ড তায়কোয়ানদো’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটির প্রচার শুরু হয়েছে ৩০ অক্টোবর। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিট, বেলা ২টা ৩০ মিনিট ও রাত ৮টায় দেখা যাবে।
‘দাদুর জাদু’
৭৯ বছর বয়সি আশরাফ আহমেদ। এক সময় তার ব্যবসা প্রতিপত্তি সবই ছিল। কিন্তু ১০ বছর আগে পত্নী বিয়োগের পর তিনি সব ছেড়ে শহরতলীতে বাড়ি করে নিভৃত জীবনযাপন শুরু করেন। তার পাঁচ ছেলেমেয়ে নিজেদের জীবনে ব্যস্ত। নিয়মিত যোগাযোগের অভাবে ছেলেমেয়েদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। এই দূরত্ব ঘুচতে এবং তার ৮০তম জন্মদিন পরিবারের সঙ্গে উদযাপন করতে তিনি একটি অভিনব পরিকল্পনা করে আট নাতি-নাতনিসহ পাঁচ ছেলেমেয়েকে নিজের কাছে ডেকে আনেন। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।
‘দাদুর জাদু’ নাটকটিতে দাদু চরিত্রে অভিনয় করেছেন খাইরুল আলম সবুজ। দাদুর পাঁচ ছেলেমেয়ের চরিত্রে অভিনয় করেছেন সুষমা সরকার, তাহমিনা সুলতানা মৌ, গোলাম কিবরিয়া তানভীর, রেজাউল আমিন সুজন আইনুন পুতুল। শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছে পৃথিয়া, প্রাজ্ঞ, তাকবীর চৌধুরী জিসান, রুহামা তাহকিম, অর্নিল বীরল।
দুরন্ত টেলিভিশনের ৩০ পর্বের শিশুতোষ ধারাবাহিক নাটক ‘দাদুর জাদু’ রচনা করেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনা করেছেন আরিফ খান। দুরন্ত টিভিতে নাটকটির সম্প্রচার শুরু হয়েছে ৩০ অক্টোবর। সপ্তাহে প্রতিদিন দুপুর ১২টায় ও রাত ৮টা ৩০ মিনিটে এটি দেখা যাবে।
‘দুষ্টু মিষ্টি’
বন্ধুত্বের দুষ্টু মিষ্টি সম্পর্কের গল্প বলা আর মজার মজার খেলায় মেতে ওঠার অনুষ্ঠান ‘দুষ্টু মিষ্টি’। অনুষ্ঠানটিতে দুজন বন্ধু ছাড়াও দেখা যাবে কখনও পাপেট পড়শীকে আবার কখনও বাবুইকে। এ ছাড়া থাকবে একজন সহকারী। ‘দুষ্টু মিষ্টি’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন জামাল হোসেন আবির। দুরন্ত টিভিতে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে ৪ নভেম্বর ২০২২ থেকে প্রতি শুক্র ও শনিবার বেলা ২টা ৩০ মিনিট ও রাত ৮টায়।
‘দ্য স্মার্ফস’
এক গ্রামে বাস করত নীল রঙের একদল ছোট্ট প্রাণী, তাদের নাম স্মার্ফ। তাদের উচ্চতা মাত্র তিনটি আপেলের সমান। এই গ্রামে কেউ মন খারাপ করে থাকে না। সবাই অনেক আনন্দ আর হাসিখুশি নিয়ে জীবনযাপন করে। স্মার্ফদের গ্রামের বাইরেই থাকে দুষ্ট জাদুকর গার্গামেল। যে স্মার্ফদের প্রধানসহ বাকি সব স্মার্ফকে আটক করে সবার ভেতর থেকে নীল নির্যাস বের করে নিতে চায়। গার্গামেলের দুষ্ট জাদুর ফন্দি থেকে স্মার্ফদের বাঁচার অভিযান নিয়েই দুরন্ত টিভির বাংলা ভাষান্তরিত নতুন কার্টুন সিরিজ 'দ্য স্মার্ফস'। দুরন্ত টিভিতে কার্টুনটির প্রচার শুরু হতে যাচ্ছে ৪ নভেম্বর, ২০২২ থেকে প্রতি শুক্রবার ও শনিবার দুপুর ১২টা ৩০ মিনিট ও রাত ৭টা ৩০ মিনিটে।
প্রবা/এলএ/এমজে