সাক্ষাৎকার
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪ ১২:১৯ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪ ১৬:১১ পিএম
ফেরদৌস আহমেদ
ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়েছেন তিনি। এ জয় সাধারণ মানুষকে উৎসর্গ করেছেন। আগামী দিনে সবাইকে একসঙ্গে নিয়ে ঢাকা-১০ আসনের সর্বস্তরের মানুষের জন্য কাজ করতে চান তিনি।
রাজনীতি নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা জানিয়েছেন প্রতিদিনের বাংলাদেশকে। লিখেছেন মহিউদ্দিন মাহিÑ
আপনাকে অভিনন্দন। জীবনের প্রথম নির্বাচনে এসেই জয়। কেমন লাগছে?
শুরুতেই আমি মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমার এবং জননেত্রী শেখ হাসিনার সম্মান রেখেছেন। এ দিনটি এতটাই স্পেশাল যে আমার মনে হয় এ জীবনে এত আনন্দময়, রঙিন মুহূর্ত আর কোনো দিন আসবে না। আমি আবেগাপ্লুত।
ভোটার-সমর্থকদের জন্য কিছু বলুনÑ
তারাই আমার শক্তি। আমি জানতাম, এ এলাকার মানুষের বঙ্গবন্ধুকন্যার প্রতি, আমার প্রতি বিশ্বাস রয়েছে। আমি যখন ভোটের জন্য সবার কাছে গিয়েছি, তারা আমাকে ভালোবেসে বুকে টেনে নিয়েছেন। তারা তাদের অনেক দাবিদাওয়ার কথাও বলেছেন। আমি আশ্বাস দিয়েছি। তারা ভরসা করে আমাকে নির্বাচিত করেছেন। আমি আমার জয় তাদেরই উৎসর্গ করছি। এখন তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার পালা। আমি আমার ভোটার ও সমর্থকদের কাছে থাকতে চাই, তাদের কথা শুনতে চাই। তাদের ভালোবাসার মানুষ হতে চাই।
এলাকার মানুষের জন্য কী কী পরিকল্পনা আছে আপনার?
অনেক। সবে তো নির্বাচন শেষ হলো। শপথ হোক। দায়িত্ব বুঝে নিয়ে আমি সবার সঙ্গে বসব। কোনটা জরুরি, কোনটা জনগণের জন্য বেশি কাজের তা ঠিক করে মাঠে নামব। আমার এলাকার নানা সমস্যার তালিকা করা হচ্ছে। নেতাকর্মীরা আমাকে সহযোগিতা করছেন। সে তালিকা নিয়ে মাঠে যাব।
কোনো প্রতিবন্ধকতা দেখছেন?
এখন পর্যন্ত না। আমি শিল্পী মানুষ। আপনারা জানেন দীর্ঘ একটি ক্যারিয়ার আমার রয়েছে অভিনয়ে। এ ক্যারিয়ারে আমি কখনও কাউকে কথা দিয়ে রাখিনি এমন নজির নেই। রাজনীতিতেও এমনটাই থাকবে। আমি বিশ্বাস করি সততা নিয়ে কাজ করলে কোনো প্রতিবন্ধকতাই রুখতে পারে না। আমার জন্য দোয়া করবেন যেন এখানেও সফলতার দেখা পাই।
এখন আপনি পুরোদস্তুর নেতা। রাজনীতি ও অভিনয় কীভাবে সামলাবেন?
নির্বাচনের ব্যস্ততা শেষ হলো। এখন দলীয় কিছু কার্যক্রম সম্পন্ন করে একটু সময় নিয়ে জনগণের জন্য মাঠে নেমে যাব। আর দেখুন, আমি নেতা হতে আসিনি, সেবক হতে চাই। আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুকন্যার প্রতিনিধি হিসেবে আমি জনগণের মন জয় করতে এসেছি। সিনেমা দিয়ে যেভাবে জয় করেছিলাম সেভাবেই রাজনীতির মাঠেও আমাকে সবাই পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে যেন পায় সেই চেষ্টা করে যাব। অভিনেতা ও নেতাÑ দুটো আমার পরিচয়। তাই অভিনয়ের জায়গাটি নিয়েও আমি ভাবব। আসলে সমন্বয় করেই এখন আমার চলতে হবে।