বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১২:২৯ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৩:৫০ পিএম
মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় উঠেছিল ১৯৯৪ সালে। এরপর বলিউডে পা রাখেন। হয়ে ওঠেন জনপ্রিয় অভিনেত্রীদের একজন। শরৎবাবুর ‘পার্বতী’রূপে যেমন তিনি সফল, তেমনি রবি ঠাকুরের ‘বিনোদিনী’ হয়েও। প্রোভোকডের কিরণজিতের পর সম্রাট আকবরের প্রেয়সী ‘যোধা’ হয়ে নিজেকে করেছেন পরীক্ষিত। তার নামেই প্রকাশ পায় রূপ ও গুণের মহিমা।
‘নিম্বুরা নিম্বুরা’ থেকে ‘ক্রেজি কিয়া রে’ দিয়ে জায়গা করে নিয়েছেন বলিউডের অন্যতম নৃত্যশিল্পী হিসেবেও। তিনি ঐশ্বরিয়া রাই বচ্চন।
১৯৭৩ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করা এই জনপ্রিয় অভিনেত্রী আজ ৫০ বছরে পা দিয়েছেন।
বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ঐশ্বরিয়া জনপ্রিয়তা পেয়েছেন বিখ্যাত পরিচালক মনিরত্নমের পরিচালিত তামিল ছবি ‘ইরুভার’ দিয়ে। এরপর বেশকিছু দক্ষিণী ছবিতে অভিনয় করেন তিনি।
বলিউডে তার প্রথম ছবি ‘অউর পেয়ার হোয়া গায়া’। তবে পরিচিতি আসে সঞ্জয় লীলা বানসালির সাড়া জাগানো ছবি ‘হাম দিল দে চুকে সানাম’ দিয়ে। এই ছবিতে তিনি দর্শকদের বিমোহিত করেন সালমান খানের সঙ্গে। একই বছর মুক্তি পাওয়া ‘তাল’ ছবিটি কোটি দর্শকের মন জয় করে নেয়। যশরাজ ফিল্মসের ‘মোহাব্বাতে’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে স্বল্প উপস্থিতিতেও নজর কেড়ে নিয়েছিলেন। এরপর আবার বড় সাফল্য আসে বানসালির ‘দেবদাস’ দিয়ে। সেখানে পার্বতী হয়ে মন জয় করে নিয়েছেন দর্শকের। পাশাপাশি পেয়েছেন সমালোচকদের প্রশংসাও।
দীর্ঘ ক্যারিয়ারে ঐশ্বরিয়া কাজ করেছেন সালমান খান, শাহরুখ খানসহ সমসাময়িক প্রায় সব নায়কের বিপরীতে। তিনি কখনও আমির খানের সঙ্গে সিনেমায় কাজ করেননি, তবে একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে কাজ করেছেন।
দীর্ঘ বিরতির পর সম্প্রতি তিনি ফিরেছেন দক্ষিণ ভারতের ‘পোনিয়িন সেলভান’ সিনেমা দিয়ে। বলা চলে এই সিনেমা দিয়ে রাজসিক প্রত্যাবর্তন হয়েছে নায়িকার। মনিরত্নম পরিচালিত এই সিনেমাটি মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল। ‘পোনিয়িন সেলভান’ একটি তামিল ঐতিহাসিক উপন্যাসের চলচ্চিত্র রূপ। কালকি কৃষ্ণমূর্তির ইতিহাসভিত্তিক তামিল উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। দক্ষিণ ভারতের চোল রাজাদের ইতিহাস উপন্যাসের মূল বিষয়বস্তু, তা-ই ছবিটি তৈরি হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে। সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। এতে তাকে নন্দিনী ও মন্দাকিনী দেবীর চরিত্রে পর্দায় দেখা গেছে। জানা গেছে, ঐশ্বরিয়াকে পর্দায় রানী করে তুলতে ১৮ জন শিল্পী টানা ছয় মাস কাজ করেছেন। শুধু তা-ই নয়, তারা দিন-রাত এক করে অভিনেত্রীর অলংকার বানিয়েছেন। এই অলংকারের ঝলকানিতে রানি নন্দিনীর রূপে পূর্ণতা পেয়েছেন ঐশ্বরিয়া।
ব্যক্তিজীবনে ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। তাদের সংসার আলো করে রেখেছে আরাধ্যা নামে এক কন্যাসন্তান।
প্রবা/টিএম/এলএ/এমজে