× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চারুলতা দিয়ে ভাবনার শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪ ১৩:৩৬ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪ ১৩:৫২ পিএম

চারুলতা দিয়ে ভাবনার শুরু

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। শীতের সকালে লেপ মোড়ানো কিছু ছবি শেয়ার করে ঝড় তুলেছেন ভক্তমহলে। ছবিগুলোতে বেশ খোলামেলা রূপেই ধরা দিয়েছেন তিনি। ঘুম থেকে ওঠা নায়িকার চেহারায় ছিল না কোনো মেকাপ, ফিল্টারের ছাপ। তবুও তাকে দেখা গেছে ভীষণ স্নিগ্ধ। ছবিগুলোর ক্যাপশনেও সে কথা লিখেছেন ভাবনা। তার কথায় ক্লিন ফেস, ক্লিন হার্ট, ইউ ফিল ইট?

গত বছর অভিনয় আর নাচ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করেছেন ভাবনা। মুক্তির অপেক্ষায় আছে তার ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’সহ একাধিক সিনেমা। নতুন বছরটা শুরু করলেন সিনেমা দিয়ে। ‘চারুলতা’ নামের একটি সিনেমায় দেখা যাবে তাকে। এটি নির্মাণ করবেন রাইসুল ইসলাম অনিক।

গত বছর ‘ইতি চিত্রা’ দিয়ে নির্মাতা হিসেবে ঢালিউডে যাত্রা শুরু করেন রাইসুল ইসলাম অনিক। প্রথম সিনেমা মুক্তির চার মাসের মধ্যেই নতুন সিনেমা বানানোর ঘোষণা দিলেন অনিক। একটি নয়, একসঙ্গে তিনটি সিনেমার ঘোষণা দিয়েছেন এই নির্মাতা। সিনেমাগুলো হলোÑ ‘চারুলতা’, ‘ফুরিয়ে যাওয়া আলো’ ও ‘রণযোদ্ধা (নৌকমান্ড, আগস্ট ১৯৭১)’। তার এই যাত্রার শুরু হচ্ছে ‘চারুলতা’ দিয়ে। চলতি মাসের মাঝামাঝি সময়েই শুরু হবে এই সিনেমার শুটিং।

ঢাকার নিউমার্কেটের ফুটপাথের ব্যবসায়ীদের নিয়ে চারুলতা সিনেমার গল্প। নিউমার্কেটের সঙ্গে জড়িত চার বন্ধুর গল্প দেখা যাবে এতে। অভিনয় করবেন আশনা হাবিব ভাবনা, রাকিব হোসেন ইভন, মোহাইমিন ইসলাম গল্প প্রমুখ। এই সিনেমা দিয়েই বড়পর্দায় অভিষেক হবে গল্পের। তিনি অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে।

নতুন এই সিনেমা নিয়ে অভিনেত্রী ভাবনা বলেন, ‘‘বছরটা নতুন কাজ দিয়ে শুরু হচ্ছে, ভালো লাগছে। ‘চারুলতা’ ছবির নামটা সুন্দর। এর গল্পটাও দারুণ। নির্মাতা যখন গল্পটা বলছিলেন, শুনেই আমার ভালো লেগেছে। আমার চরিত্রটিও পছন্দ হয়েছে। নিম্নবিত্ত পরিবারের একটা মেয়ে, যে নিউমার্কেটে চুরির দোকান নিয়ে বসে। সেই মেয়েটির জীবনের গল্প দেখানো হবে সিনেমায়। আশা করছি দর্শক সিনেমাটি পছন্দ করবে। আমার চরিত্রটিও তাদের ভালো লাগবে।’’

অনিক বলেন, ‘এমন না যে হুট করেই সিনেমাগুলোর ঘোষণা দিয়েছি। আমি ও আমার টিম পাঁচ বছরেরও বেশি সময় ধরে অনেকগুলো সিনেমা বানানোর পরিকল্পনা করছিলাম। শতভাগ নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিলাম। এবার সেটা নিশ্চিত হওয়া গেছে। এ বছরেই তিনটি সিনেমার নির্মাণ শেষ করব।’

নির্মাতা অনিক বলেন, ‘নিউমার্কেট এলাকার ঘটনাগুলোই গল্পে উঠে আসবে। তাদের জীবন-সংগ্রামটাই এই সিনেমার উপজীব্য। তাই নিউমার্কেট এলাকায় শুটিং হবে। সিনেমার নাম যেহেতু চারুলতা, তাই তাকে ঘিরেই এগোবে গল্প। ১৫ তারিখের পর থেকে ক্যামেরা ওপেন করার ইচ্ছা আছে।’

ভাবনার নতুন এই সিনেমার মুক্তির প্রসঙ্গে নির্মাতা জানান, কোরবানির ঈদে ‘চারুলতা’ মুক্তির পরিকল্পনা করেছেন তিনি। মুক্তির আগে কয়েকটি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী হবে সিনেমাটির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা