বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ১৪:৪৬ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২২ ১৫:০৬ পিএম
অভিনেতা আলাউদ্দিন লাল একজন সিনিয়র অভিনেতা। সেই ২০০৮ সাল থেকে তিন শতাধিক নাটকে কাজ করেছেন তিনি। সম্প্রতি বেশ অসুস্থ তিনি। তীব্র শ্বাসকষ্ট, ডায়াবেটিকসহ শরীরের নানান জটিলতায় ভুগছেন। বর্তমানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইডিসিএইচ) চিকিৎসাধীন রয়েছেন তিনি।
হঠাৎ অভিনয়শিল্পী আলাউদ্দিন লালের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে জরুরি অবস্থায় গত ১১ অক্টোবর হাসপাতালটিতে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
কিন্তু আর্থিক সংকটের কারণে নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না। নাট্যনির্মাতা প্রীতি দত্ত তার ফেসবুকে পোস্টে এ তথ্য জানিয়ে একটি স্ট্যাটাস দেন। এ খবর পেয়ে আলাউদ্দিন লালের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন তার কয়েকজন সহকর্মী। তবে তা দিয়ে পুরো চিকিৎসার ব্যয়ভার মেটাতে পারছেন না তিনি।
সেই খবর জানতে পেরে তার পাশে দাঁড়ালেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। ৫২ বছরের এই অসুস্থ অভিনেতার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি।
বিষয়টি জানিয়ে আলাউদ্দিন লাল বলেন, ‘শুটিংয়ে ব্যস্ত থাকা শর্তেও ফারহান ভাই নিজে হাসপাতালে আমাকে দেখতে এসেছিলেন গতকাল (রবিবার, ৩০ অক্টোবর)। তিনি আমাকে অনেক ভালোবাসা এবং সাহস দিয়েছেন। সঙ্গে নগদ টাকাও দিয়ে গেছেন। বলেছেন আমি যেন কোনো চিন্তা না করি। এখন থেকে যা লাগবে চিকিৎসার জন্য তিনি পুরোটাই দেবেন।’
ফারহানের ভালোবাসায় আবেগে আপ্লুত আলাউদ্দিন কান্নামাখা কণ্ঠে বলেন, ‘আমি কোনো সুপারস্টার নই। সামান্য এক চরিত্রাভিনেতা। আমার এই বিপদের দিনে যেভাবে আমার সহকর্মীরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন, খোঁজখবর রাখেছেন, আমি সত্যি কৃতজ্ঞ। তাদের উপকার, যত্ন আমি কোনোদিন ভুলতে পারব না। আর ফারহান ভাইয়ের কথা বলে শেষ করতে পারব না। তার মধ্যে আমি অনেক বড় আশ্রয় খুঁজে পেয়েছি। জীবনে নতুন আশা পেয়েছি। আমি দোয়া করি আল্লাহ ফারহান ভাইকে আরও বড় করুন।’
আলাউদ্দিন লাল সবার কাছে দোয়া চেয়েছেন যেন সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে পারেন তিনি।
প্রবা/এলএ/এমজে