বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২২ ১৪:০৮ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১২:১০ পিএম
জাতীয় জেল হত্যা দিবসকে সামনে রেখে বুনন থিয়েটারের অষ্টম প্রযোজনা ‘সিক্রেট অব হিস্ট্রি’ মঞ্চায়ন হবে। আগামী ২ নভেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় নাটকটির মঞ্চায়ন হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামানের পাণ্ডুলিপিতে এর নির্দেশনা দিয়েছেন শুদ্ধমান চৈতন।
প্রদর্শনীটিতে উপস্থিত থাকবেন সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
নাটকের শুরুতেই দেখা যায়, এক মহান রাষ্ট্রপতিকে হত্যা করে গদি দখল করা খুনি রাষ্ট্রপতি জেলের ভেতর হত্যাকৃত চার নেতার লাশ গোরস্তানে বয়ে এনেছে রাতের অন্ধকারে। গোরস্তানের আদি ভৌতিক আবহে খুনি রাষ্ট্রপতির মুখোমুখি হয় জেলখানার দায়িত্বপ্রাপ্ত গার্ড, খুনি রিসালদার ও চার নেতার ছায়া শরীর।
কাহিনির মধ্যভাগে যুক্ত হয় এক খুনি মেজর, যে অন্ধকার হলেই লাশভরা ট্রাক নিয়ে পথে নামে গোরস্তান দেখলেই লাশ পুঁতে দেয়। সে ৯টি ট্রাকে শতখানি দ্রোহঠাসা সেনার লাশ গোরস্তানের ছায়ায় সারি করে রেখে রাষ্ট্রপতির সঙ্গে যুক্ত হয়। খুনি রাষ্ট্রপতি আর মেজর একসঙ্গে কৌশল নির্মাণ করে চলে লাশ পুঁতে দেবার জন্য, বাদ সাধে বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরীর মুর্দা ফকির। সে দীঘল সাদা আলখেল্লার প্রান্ত উড়িয়ে লাশ আগলে দাঁড়ায়, মুখে ঠোঁটে এক কথা তার, ‘এ লাশ কবরে যাবে না’। একে একে অভিনীত হয় সেনা বিদ্রোহ দমনের নামে ক্যান্টনমেন্টের হত্যাকৃত সেনাদের দীর্ঘশ্বাস ও নিগূঢ় হত্যার গোপন কথকতা।
নাটকটির অভিনয় নির্মাণে নির্দেশক মূল মঞ্চ থেকে একটি রক্তবর্ণ গালিচা দর্শক সারির মধ্যভাগ পর্যন্ত রেখে একটি কাঠগড়ার সেট স্থাপন করেছেন, যা দর্শক অভিনেতার দূরত্ব ঘুচিয়ে দর্শক শ্রোতাকে নাট্যস্থিত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট করতে সহায়তা করেছে।
নাটকটিতে অভিনয় করবেন আনন জামান, আশরাফুল বিলাস, তুষার কান্তি দে রাজন, আবু ফাহিম, উচ্ছল হাসান, আবিদ হাসান নির্ঝর, শাত-ইল রাস, কেয়া চৌধুরী, অমিত প্রিয়ভাষ, সাঁঝমান নন্দ, তুষার সমীরণ, কাকন চৌধুরী, মারিয়া বিনতে লতিফ, জিহাদুল ইসলাম, রুদ্রতুল রানার, আরিফ জামান সেজান, তাবাস্সুম অধরা, শিপু হাসান, বিনি আমিন শেখ, নিশা হক, মাহবুব হাসান দিপু, তানিয়া আক্তার প্রমুখ।
প্রবা/এসএস/এমজে