প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪ ১৭:১৬ পিএম
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের খ্যাতিমান অভিনেতা অনুপম খের। অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় দেশের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার্ঘ্য জানাতে একটি বহুভাষিক ছবি পরিচালনার উদ্যোগ নিয়েছেন। ছবির নাম ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’।
অভিনেতা জানান, ছবিতে বেশ কিছু কাস্টিং চূড়ান্ত হয়েছে। এই ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন অনুপম খের এবং লালা লাজপত রাইয়ের চরিত্রে অভিনয় করবেন ধর্মেন্দ্র।
গত বছর জুলাই মাসে অনুপম সমাজমাধ্যমে রবীন্দ্রনাথের লুকে নিজের ছবি প্রকাশ করে ইন্ডাস্ট্রিতে শোরগোল ফেলে দেন। অনুপমের লুক নিয়ে আলোচনার পাশাপাশি সমালোচনাও হয়েছিল বিস্তর। অভিনেতা তখন ছবির নাম আড়ালেই রেখেছিলেন। সে কথা মনে করিয়ে বিশ্বজিৎ বললেন, ‘তখন অনেকেই জানতে চেয়েছিলেন। কিন্তু এখন বলতে বাধা নেই যে, আমার ছবির জন্য অনুপমের লুক সেট হয়েছিল।’
ছবিতে অনুপমের লিপে কুমার শানুর কণ্ঠে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটিও রাখা হবে।
অন্যদিকে ২০২৩-এ ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে অভিনয় করে নতুন করে দর্শকদের নজর কাড়েন ধর্মেন্দ্র। তার অভিনয়ের ব্যাপারে বিশ্বজিৎ বলেন, ‘পঞ্জাব কেশরী লালা লাজপত রাইয়ের চরিত্রে শুরু থেকেই আমি তার কথা ভেবেছিলাম। ধর্মেন্দ্র আমার দীর্ঘ দিনের বন্ধু। সম্প্রতি তাকে চিত্রনাট্য শোনাতেই সে রাজি হয়।’
ছবির জন্য ধর্মেন্দ্রর লুকটেস্ট এবং একটি ট্রায়াল শুটিং হয়েছে। বিশ্বজিৎ বলেন, ‘এখনও ধর্মেন্দ্র অভিনয়ের প্রতি এতটাই একাগ্র, যা দেখে মুগ্ধ হয়েছি। প্রতিটা বিষয়ে সমান মনোযোগ দিয়ে চিত্রনাট্য শুনেছেন এবং লুকটেস্ট দিয়েছেন।’
আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করবেন বিশ্বজিৎ।