প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪ ১১:১৬ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪ ১১:১৮ এএম
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। তাকে গুরু মেনে অনেকেই এখন দেশের সংগীতজগতে পরিচিত মুখ। তাদেরই একজন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। প্রকাশ্যে হাবিবকে গুরু মানেন তিনি। এবার বছরের শুরুতেই গুরু-শিষ্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন শ্রোতাদের সামনে। গানের শিরোনাম ‘বোকামন’।
গানটি লিখেছেন ভারতের রজত ঘোষ। এ গান নিয়ে রজত বলেন, ‘এরই মধ্যে গানের রেকর্ডিং শেষ হয়েছে। সৈকত রেজার নির্মাণে দুজনের ভিডিও শুটিংও শেষ। বাংলাদেশের জনপ্রিয় এই দুজন সংগীতশিল্পীর জন্য গান লিখতে পেরে আমি আনন্দিত। আশা করছি ইমরানের সুরে ও হাবিবের গলায় গানটি দর্শক মহলে জনপ্রিয়তা পাবে।’
হাবিবের সঙ্গে এ গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘এই গানটি শুধু আমার জন্য গান নয়। আমার স্বপ্নপূরণ। আমার সুরে হাবিব ভাইয়ের গলা শুনতে পাবেন দর্শক-শ্রোতারা এরচেয়ে আনন্দের কিছু নেই। গানের কথাগুলো অত্যন্ত সুন্দর। আশা করছি এ মাসেই গানটি দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে।’
এর আগে হাবিবের সুরে একটি গান ও পাঁচটি জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার সুযোগ পেয়েছেন ইমরান। এবার ইমরানের সুরে গাইলেন হাবিব।