প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩ ১২:০৬ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩ ১৩:৩৭ পিএম
শহীদ-উন-নবী। একাধারে একজন অভিনেতা, নাট্যপরিচালক। চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’য় তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আগামী ঈদুল ফিতরের জন্য আরটিভিতে প্রচারের লক্ষ্যে জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের গল্পে একটি নাটক নির্মাণ করেছেন তিনি।
নাটকটি রচনা করেছেন শাহ সেকান্দার বাদশা ও মাহমুদুল হাসান। এরই মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে নির্মাণকাজ শেষ হয়েছে। এ নাটকের নাম ‘স্ট্রেট ফরোয়ার্ড’।
নাটকটি প্রসঙ্গে শামীম হাসান সরকার বলেন, ‘একজন সৎ মানুষ জীবনে চলতে গিয়ে, সব সময় সত্য কথা বলতে গিয়ে অনেকের কাছে ঠোঁটকাটা মানুষ হিসেবে পরিচিতি পান। আবার সত্য বলতে গিয়ে জীবনে নানান বিপদেও পড়েন তিনি। একটা সময় তার স্ত্রী তাকে বোঝানোর চেষ্টা করেন। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকে আমার বিপরীতে অভিনয় করেছেন শখ।
তিনি যখন নাটকে বিরতি নিয়েছিলেন তখন তার সঙ্গে আমার কাজ করা, প্রায় চার বছর আগে। আবার বিরতির পর যখন তিনি কাজ শুরু করলেন তখন আমারই সঙ্গে তার কাজ করা। আমার পছন্দের একজন অভিনেত্রী। আর নবীর নির্দেশনায় কাজ করা আমি সব সময়ই ভীষণ উপভোগ করি। আশা করি কাজটি দর্শকের ভালো লাগবে।’
নাটকটিতে শামীম হাসান সরকারের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন আনিকা কবির শখ। তিনি বলেন, ‘স্ট্রেট ফরোয়ার্ড নাটকটির গল্প আমার ভালো লেগেছে। শামীম হাসান সরকারের গল্পভাবনাটা এক কথায় অসাধারণ। সবাই মিলে একটি ভালো কাজ করার চেষ্টা করেছি। যেখানে সমাজের জন্য একটি বার্তা থাকবে। আশা করছি নাটকটি ভালো লাগবে সবার।’
শহীদ-উন-নবী জানান, স্ট্রেট ফরোয়ার্ড নাটকটি আগামী বছর রোজার ঈদে আরটিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে।