প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩ ১৪:১৬ পিএম
ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস। বছরের শেষে এসে তার নতুন সিনেমা ‘সালার’ গত ২২ ডিসেম্বর মুক্তি দেওয়া হয়। প্রশান্ত নীলের পরিচালনায় সিনেমাটি ভারতের ৫ হাজারের বেশি সিনেমা হলে মুক্তির পর থেকে প্রদর্শিত হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়া সিনেমাটি মাত্র ৬ দিনে ৫০০ কোটি রূপির ক্লাবে প্রবেশ করেছে।
মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে ‘সালার’। দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিনে সিনেমাটির আয় বৃদ্ধি পায়। কিন্তু সময়ের সঙ্গে আয়ের পরিমাণ কমতে শুরু করেছে।
বলি মুভি রিভিউজ জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ‘সালার’ আয় করেছে ১০২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ৫০ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৫৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৩৯ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করেছে ২৬ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করেছে ২১.৫ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় ২৯৩.৫ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৫০০ কোটি রুপি।
‘সালার’ সিনেমার অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, ৬ দিনে বিশ্বব্যাপী ‘সালার’ সিনেমার আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান। তা ছাড়াও অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, জগপতি বাবু, শ্রিয়া রেড্ডি প্রমুখ।