প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩ ১২:১৬ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩ ১২:২১ পিএম
ইরফান সাজ্জাদ এ প্রজন্মের সুদর্শন ও মেধাবী অভিনেতা। নাটক-সিনেমায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। ওটিটি প্ল্যাটফর্মেও ইরফান সাজ্জাদের ওপর নির্মাতাদের আগ্রহ বেড়েছে।
তবে সিনেমায় অনিয়মিতই দেখা যায় ইরফান সাজ্জাদকে। এখন পর্যন্ত তিনি তিনটি সিনেমায় অভিনয় করেছেন। সেগুলো মুক্তিও পেয়েছে। সিনেমাগুলো হচ্ছে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’, তানিয়া আহমেদের ‘ভালোবাসা এমনই হয়’ ও আলভী আহমেদের ‘ইউটার্ন’।
ইরফান সাজ্জাদ অভিনীত চতুর্থ সিনেমা হতে যাচ্ছে ‘আলী’। এবারই প্রথম ইরফান সাজ্জাদ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন। এরই মধ্যে সিনেমার শুটিং শেষ হয়েছে বলে জানান ইরফান। সিনেমাটি প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘যেহেতু নামভূমিকায় আমি অভিনয় করেছি চেষ্টা করেছি চরিত্রটি শতভাগ ফুটিয়ে তুলতে। অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। পরিচালক বলেছেন তিনি আলীকে যেভাবে দেখতে চেয়েছেন ঠিক সেভাবেই আমার মধ্যে পেয়েছেন। এটা অনেক বড় প্রাপ্তি আমার জন্য। পরিচালক যখন সন্তুষ্ট হন, তখন আত্মবিশ্বাস কাজ করে।’
তিনি আরও জানান, এরই মধ্যে সিনেমার সম্পাদনার কাজ শেষ। কিছু কাজ বাকি আছে। আশা করা যাচ্ছে সিনেমাটি আগামী বছর যেকোনো ঈদে মুক্তি পাবে।
‘এর আগের সিনেমাগুলোর চেয়ে এ সিনেমাটি হলে হলে মুক্তির অধীর অপেক্ষায় আছি আমি। কারণ এখানে আমাকে ঘিরেই ছবিটির গল্প। নিজেকে দর্শকের কাছে প্রমাণের অনেক সুযোগ ছিল। আমি আশা করি দর্শক আমাকে দেখে মুগ্ধ হবেন,’ যোগ করেন ইরফান সাজ্জাদ।
এদিকে ২৮ ডিসেম্বর মহিদুল মহিমের পরিচালনায় সিলেটে ভালোবাসা দিবসের একটি নাটকের শুটিং করবেন ইরফান সাজ্জাদ। এতে তার বিপরীতে থাকবেন কেয়া পায়েল। এ ছাড়া নতুন বছরের শুরুতে তিনি একটি নতুন ওয়েব সিরিজ এবং ‘মুখোশ’ নামে একটি সিনেমায়ও অভিনয় করবেন।