× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মরণে সঞ্জীব চৌধুরী

ব্যাখ্যার ঊর্ধ্বে যে জীবন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩ ১২:০২ পিএম

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩ ১৩:১৮ পিএম

ব্যাখ্যার ঊর্ধ্বে যে জীবন

আজ ২৫ ডিসেম্বর। ক্ষণজন্মা কিংবদন্তি সঞ্জীব চৌধুরীর ৫৯তম জন্মবার্ষিকী। তাকে স্মরণ করে শিরোনামের লাইনটি দিয়েছেন কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল। জন্মদিনে সঞ্জীব চৌধুরী সম্পর্কে জানতে চাওয়া হলে শুরুতেই তিনি বলেন, ‘সঞ্জীবদাকে ব্যাখ্যা করার কোনো শব্দ শহরে মনে হয় না বাকি আছে। আজ তিনি বেঁচে থাকলে কি হতো না হতো জানি না। তবে বয়স ষাটের ঘর থেকে এক ধাপ দূরে থাকতেন। হয়তো তাতেই তিনি খুশি হতেন। এ নিয়েই লিখে ফেলতেন গান, কবিতা। এমন সৃষ্টিশীল, বোহেমিয়ান আর হাস্যোজ্জ্বল মানুষেরা নিজেদের জীবনের কোনো ব্যাখ্যা রেখে যান না। সঞ্জীবদাও রেখে যাননি। শুধু দিয়ে গেছেন ভালোবাসা ও জীবন দর্শন। আমার কাছে সঞ্জীবদা মানে ব্যাখ্যার ঊর্ধ্বে যে জীবন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সঞ্জীব চৌধুরী ছিলেন সৃষ্টিশীল শিল্পী, লেখক ও সাংবাদিক। বাপ্পা মজুমদারের সঙ্গে তার যুগলবন্দি ব্যান্ড ‘দলছুট’ উপহার দিয়েছে অসংখ্য শ্রোতানন্দিত গান।

সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষে ‘দলছুট’ ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য বাপ্পা মজুমদারের সঙ্গে কথা হয় প্রতিদিনের বাংলাদেশের। তিনি বলেন, ‘আজ সঞ্জীবদার জন্মদিন। তার প্রস্থানের এক যুগের বেশি হয়ে গেছে। কিন্তু আমাদের কাছে এক মুহূর্তের জন্যও কখনও মনে হয় না দাদা নেই। তার গান স্টেজে গাইতে গেলে মনে হয় দাদা আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন। তিনি আমাদের হৃদয়পুরের মানুষ। তার ৫৯তম জন্মদিনে দলছুটের পক্ষ থেকে শ্রদ্ধা জানাই। দাদা যেখানেই থাকুন ভালো থাকুনÑ এটাই আমাদের প্রত্যাশা।’

আমি তোমাকেই বলে দেব, সাদা ময়লা, সমুদ্র সন্তান, জোছনাবিহার, তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও, আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ, স্বপ্নবাজি প্রভৃতি কালজয়ী গানের স্রষ্টা সঞ্জীব চৌধুরী। গাড়ি চলে না, বায়োস্কোপ, কোন মিস্তরি নাও বানাইছে শিরোনামের লোকগানগুলো কণ্ঠে তুলেও দারুণ প্রশংসা পেয়েছেন তিনি।

এদিকে ২৫ ডিসেম্বর প্রয়াত সঞ্জীব চৌধুরীর জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির ‘সঞ্জীব চত্বরে’ সঞ্জীব উৎসব উদযাপন পর্ষদ আয়োজন করেছে ‘দ্বাদশ সঞ্জীব উৎসব’। জানা গেছে, এই উৎসবে অংশ নেবেন সঞ্জীব-অনুরাগী কিছু ব্যান্ড আর সংগীতশিল্পী।

১৯৬৪ সালের এই দিনে (২৫ ডিসেম্বর) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্ম নেওয়া এই শিল্পী ২০০৭ সালের ১৯ নভেম্বর বাইলেটারেল সেরিব্রাল স্কিমিক স্ট্রোকে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সঞ্জীবের অকালপ্রয়াণ ছিল বাংলাদেশের সংগীত ও সাংবাদিকতা জগতে অপূরণীয় ক্ষতির কারণ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা