প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৭ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩ ১৯:০৯ পিএম
বলিউড বাদশাহ শাহরুখ খান। তার ‘ডানকি’ সিনেমা আগামীকাল বলিউডসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে। একই দিনে বাংলাদেশও মুক্তির কথা ছিল। তবে এখন আর সেটি হচ্ছে না। বলিউডে মুক্তির এক দিন পর শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কার্টের কর্ণধার অনন্য মামুন শুক্রবার বাংলাদেশে ‘ডানকি’ মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের ইচ্ছে ছিল বলিউডের সঙ্গে একই দিনে বাংলাদেশে শাহরুখ ভক্তদের ডানকি দেখানোর। সেটি হচ্ছে না। তবে এক দিন পরই ডানকি দেখতে পারবেন আমাদের দর্শক।’
ঢাকাসহ সারা দেশের অর্ধশতাধিক হলে চলবে ডানকি।
সিনেমাটির প্রচারে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বলিউড বাদশাহ শাহরুখ। সম্প্রতি তিনি দুবাই ও কুয়েতে ডানকির প্রোমশনে গিয়েছিলেন। ঘুরে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন রাজ্যেও। সাংবাদিকদের সঙ্গে সিনেমাটির বিভিন্ন বিষয় নিয়ে করেছেন আলাপও। এসব সাক্ষাৎকারে ডানকিকে নিজের ক্যারিয়ারের সেরা সিনেমা বলে অভিহিত করেছেন শাহরুখ। একই সঙ্গে এটাও জানিয়েছেন, ‘পাঠান’ ও ‘জওয়ান’ তিনি তৈরি করেছেন দর্শকদের মনোরঞ্জনের জন্য। আর ‘ডানকি’ তৈরি করেছেন সম্পূর্ণ নিজের ভালো লাগার জন্য।
রাজকুমার হিরানি পরিচালিত ডানকি সিনেমায় শাহরুখ অভিনয় করেছেন হার্ডি চরিত্রে। হার্ডি ও তার চার বন্ধুর গল্পে এগিয়েছে ডানকির গল্প। স্বপ্নপূরণের জন্য যারা যেকোনো মূল্যে যেতে চায় লন্ডনে। এই সিনেমায় শাহরুখের সহশিল্পী হিসেবে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি প্রমুখ।