প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৪:১১ পিএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩ ১৪:৩৬ পিএম
ঝামেলা পিছু ছাড়ছে না বলিউডের শ্রীলঙ্কান অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। গত বছরের আগস্ট মাসে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার তরফে দায়ের হয়েছিল এফআইআর। এরপর কেসের দায়িত্ব ইডির কাছে এলে নাম জড়ায় জ্যাকলিনেরও।
গত ১ বছরে বারবার আদালতে ছুটেছেন অভিনেত্রী। তবে এবার তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ এই ফৌজদারি মামলা বাতিল করার আবেদন জানিয়ে।
২০০ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনের। সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে এই মামলায় জড়িত থাকার কারণ এরই মধ্যে ইডির পক্ষে ফৌজদারি মামলা জারি করা হয়েছে অভিনেত্রীর নামে। সম্প্রতি এই ফৌজদারি মামলা বাতিল করার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন কিক-নায়িকা।
চন্দ্রশেখরের বিরুদ্ধে হওয়া মামলায় তার নামে দায়ের হওয়া অভিযোগ বাতিল করার আবেদন করে জ্যাকলিনের দাবি, ইডি যে সমস্ত নথি দাখিল করেছে তা প্রমাণ করে যে তিনি চন্দ্রশেখরের একজন নির্দোষ শিকার।
যদিও ইডির তরফে বারবার দাবি করা হয়েছে, সুকেশের বেআইনি ব্যবসার ব্যাপারে জড়িয়ে ছিলেন জ্যাকলিন। এমনকি অভিনেত্রীর ঘনিষ্ঠরা অনেকেই তাকে সতর্ক করেছিল, কিন্তু তিনি সেভাবে কান দেননি। সুকেশের কাছ থেকে ব্র্যান্ডেড ব্যাগ, দামি পোশাক, গাড়ি, গয়না থেকে শুরু করে আর্থিক সুবিধা নিয়েছিলেন তিনি।
সুকেশের পাঠানো প্রাইভেট জেটে চড়ে দেখাও করতে যেতেন তিনি। শুধু তাই নয়, তাদের একাধিক ঘনিষ্ঠ ছবিও একাধিক সময়ে সামনে এসেছে, যা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে জ্যাকলিনের ক্যারিয়ারকে। এবার তিনি আছেন আইনি জটিলতায়।
এদিকে দিল্লি পুলিশের পক্ষে করা একটি চাঁদাবাজির মামলায় প্রধান সাক্ষীও জ্যাকলিন।